কক্সবাজার জেলায় আসন্ন রাখাইন সাংগ্রেং উৎসবকে ঘিরে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রাখাইন বৌদ্ধ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
সাক্ষাতে সংগঠনের নেতৃবৃন্দ ১৩ এপ্রিল থেকে ২০ এপ্রিল ২০২৬ পর্যন্ত জেলার রাখাইন অধ্যুষিত এলাকাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটিতে সংগঠনের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার অনুরোধ করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা হয়। এছাড়া রাখাইন সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংগঠনিক বিষয় তুলে ধরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মং হলা চিং, সিনিয়র সহ-সভাপতি অং ছিং, সহ-সভাপতি মং ম্যা উ নাই, যুগ্ম মহাসচিব ক্য ওয়ান ছে, দপ্তর সম্পাদক থেং ক্য, সাংগঠনিক সম্পাদক উ খিং চ এবং যুব, ক্রীড়া ও ছাত্র বিষয়ক সম্পাদক সুই ছিংসহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং উৎসবটি শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।