অবৈধ বালুমহালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। বিপুল পরিমান বালু জব্দ ও তিনটি বালুভর্তি ডাম্পার গাড়ি আটক করা হয়েছে। ওইসময় বালু মহালের মালিককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের ম্য্যাজিষ্ট্রেট।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত চকরিয়া ও মাতামুহুরী উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
পূর্ববড়ভেওলা ভূমি অফিসের সহকারি তহশিলদার মোহাম্মদ আবুল মনছুর জানান, এদিন চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শফিউল আলমের নেতেৃত্বে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। বাটাখালী, কৈয়ারবিল ও ফাঁসিয়াখালীতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি স্যালু মেশিন জব্দ করা হয়েছে। এর মধ্যে বালুভর্তি তিনটি ডাম্পার আটক করা হয়েছে। মহাল মালিককের কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত টানা তিন ঘন্টা অভিযান চালানো হয়। অবৈধ বালুমহালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকতে বলে জানান তিনি।