যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সন্ধ্যা ৬ টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হল-এ "ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬ ও অনুদান প্রদান" অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সারাদেশ থেকে মনোনীত ১৫ জন ইয়্যুথ ভলান্টিয়ারের মধ্যে কক্সবাজারের পেকুয়া উপজেলার মোহাম্মদ জাহিদুল ইসলাম সামাজিক ক্ষেত্রে স্বেচ্ছাসেবী কার্যক্রমে অসাধারণ অবদানের জন্য প্রধানমন্ত্রীর হাত থেকে ওই পুরস্কার পেয়েছেন। একই সাথে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ২০২৫-২০২৬ অর্থবছরের যুবকল্যাণ তহবিলের ৪৩২টি যুব সংগঠনের মধ্যে প্রতীকী হিসেবে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সংযুক্ত হয়ে অনুদানের চেক দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকগণ বিতরণ করেন। এক্ষেত্রে কক্সবাজার জেলা থেকে জেলা প্রশাসক মো: আ: মান্নান ৮টি যুব সংগঠনকে রেপ্লিকা চেকের মাধ্যমে ৮ লক্ষ ২৫ হাজার টাকা বিতরণ করেন। জেলা পর্যায়ে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাহীদুল ইসলাম, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজার মো: মোয়াজ্জেম হোসেন, জেলা তথ্য অফিসার মো: আব্দুস সাত্তার এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: আবু কাউছার।
এর মধ্যে "সোশ্যাল এইড”- লিংকরোড, কক্সবাজার সদর সেলাই প্রশিক্ষণের অনুকূলে ২ লক্ষ টাকা অনুদান পেয়েছে। "সায়মুন সংসদ”-আলীর জাঁহাল, কক্সবাজার সদর মাছচাষ প্রকল্পের অনুকূলে ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান পেয়েছে। ঈদগাঁও উপজেলার "মেহেরঘোনা যুব একতা পরিষদ” ব্রয়লার মুরগির খামার প্রকল্পের অনুকূলে ১ লক্ষ টাকার অনুদান পেয়েছে। "কাকারা একতা যুব সমাজকল্যাণ সমিতি”, চকরিয়া মাছচাষ প্রকল্পের অনুকূলে ৭৫ হাজার টাকা অনুদান পেয়েছে। "কুতুবদিয়া প্রতিভা যুব ক্রীড়া সংঘ” হাঁস-মুরগি পালন প্রকল্পের অনুকূলে ৭৫ হাজার টাকা অনুদান পেয়েছে। গরু মোটাতাজাকরণ প্রকল্পের অনুকূলে "দিগন্ত মহিলা সংস্থা”- ঝিলংজা, সদর, কক্সবাজার ৭৫ হাজার টাকা অনুদান পেয়েছে। "যুব ফাউন্ডেশন ফর লাইফ” কালালিয়াকাটা, মহেশখালী গবাদিপশু পালন ও মাৎস্যচাষ প্রকল্পের অনুকূলে ৭৫ হাজার টাকা অনুদান পেয়েছে, এবং “ইসলামাবাদ যুব ফোরাম” ঈদগাঁও ব্রয়লার মুরগির খামারের অনুকূলে ৭৫ হাজার টাকা অনুদান পেয়েছে। প্রত্যেকেই আত্মকর্মসংস্থানে সমাজে অনুকরণীয় অবদান রেখেছেন।