কক্সবাজারের উখিয়ায় সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে প্রবেশের সময় পাচারকারীদের ফেলে যাওয়া ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। শনিবার ভোরে উখিয়ার পালংখালী সীমান্তের রিজভীর ঘের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর পালংখালী বিওপির বিশেষ টহল দল।
বিজিবি জানায়, সীমান্তবর্তী রিজভীর ঘের এলাকায় মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দল। এ সময় তাদের চ্যালেঞ্জ করা হলে হাতে থাকা দুটি পলিব্যাগ ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যায় তারা। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিব্যাগ দুটি উদ্ধার করেন। এর ভেতরে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে থাকা প্রায় ১ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আরও তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।