পিকআপ গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে টেকনাফ থেকে কক্সবাজারে ইয়াবা পাচারকালে চালককে আটক করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনের ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।
শুক্রবার (১০ জুলাই) বিকেল ৫টায় কক্সবাজার শহরের সাংস্কৃতিক কেন্দ্রের দক্ষিণ পাশে সড়কে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তি মো. ফয়সাল (৪১)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পুরান পাড়ার মৃত জহির আহমদের ছেলে।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, টেকনাফ থেকে গাড়িযোগে মাদক পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে কক্সবাজারের বেশ কয়েকটি স্থানে চেকপোস্ট স্থাপন করে পুলিশ। পরে একটি পিকআপকে তল্লাশীর জন্য কক্সবাজার শহরের সাংস্কৃতিক কেন্দ্রের দক্ষিণ পাশে সড়কে থামানো হয়। আর গাড়ি চালককে জিজ্ঞাসাবাদের পর নিজ হাতে পিকআপ গাড়ির বাম্পারের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৮ হাজার ইয়াবা বের করে দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক ফয়সাল জানায়, টেকনাফের গফুর তাকে এই ইয়াবাগুলো কক্সবাজার শহরের এক নারী দেয়া জন্য পাঠিয়েছিল।
শেখ মোহাম্মদ আলী আরও বলেন, অভিযানে উদ্ধার ৮ হাজার ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ এবং একটি বাটন ফোন জব্দ করা হয়েছে। জব্দ করা আলামতের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আটক ফয়সালের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে ঢাকা জেলার আশুলিয়া থানায় ২০২২ সালের একটি মাদক মামলা (মামলা নং-১৩/২২৭, তারিখ- ৫ এপ্রিল ২০২২) চলমান রয়েছে।
শেখ মোহাম্মদ আলী বলেন, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।