ইউরোপীয় ইউনিয়নের সহায়তাপুষ্ট এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) অর্থায়নে মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়িত 'প্রো-অ্যাক্ট বাংলাদেশ' (PRO-ACT Bangladesh) প্রকল্পের সহায়তায় আজ ১৬ অক্টোবর ২০২৬, কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে "আজকের উদ্ভাবন, আগামীর সমৃদ্ধি"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, জেলা খাদ্য বিভাগ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কক্সবাজারে উদযাপিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস ২০২৬।
কক্সবাজারের জেলা প্রশাসক জনাব মোঃ আঃ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ সাইফুল ইসলাম। জেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা কৃষি কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও FAO ও মুক্তি কক্সবাজারের প্রতিনিধি এবং স্থানীয় কৃষক, মৎস্যজীবী, খাদ্য প্রক্রিয়াজাতকারী ও কৃষি-উদ্যোক্তারা অংশ নেন।
আলোচনা সভায় জেলা খাদ্য নিয়ন্ত্রক জনাব মোঃ আবু কাউছার খাদ্য উৎপাদন, মজুদ, রূপান্তর ও বণ্টন প্রক্রিয়ায় পুষ্টিমান বজায় রেখে ভোক্তা অধিকার নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক তরুণ উদ্যোক্তাদের কর্মদক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দেন। কক্সবাজার সদর উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ রাসেল রানা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিতে করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
FAO কক্সবাজার অফিসের প্রোগ্রাম কো-অর্ডিনেটর জনাব মোঃ মারুফ সংস্থাটির প্রতিষ্ঠা, লক্ষ্য এবং বৈশ্বিক প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মান উন্নয়নে কক্সবাজারে চলমান কার্যক্রম উপস্থাপন করেন।
মুক্তি কক্সবাজারের মনিটরিং ডিরেক্টর জনাব মোঃ খাইরুল ইসলাম বলেন, পুষ্টি-সংবেদনশীল কৃষি উৎপাদন, নিরাপদ খাদ্য সরবরাহ এবং টেকসই বাজার সংযোগ তৈরির মাধ্যমে স্থানীয় মানুষের জীবন-জীবিকার মানোন্নয়নে মুক্তি কক্সবাজার নিরলসভাবে কাজ করছে। তিনি জানান, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সংস্থাটি ৩০ হাজারের অধিক পরিবারকে জলবায়ু সহনশীল কৃষি, মৎস্য, মাশরুমসহ আয়-বৃদ্ধিমূলক কার্যক্রমে সহায়তা করছে। প্রতিবন্ধী ব্যক্তিসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও সমাজের সকল মানুষের জীবনমান উন্নয়নে সংস্থার অঙ্গীকারের কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।
সমাপনী বক্তব্যে সভাপতি ও জেলা প্রশাসক জনাব মোঃ আঃ মান্নান অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তর, FAO, মুক্তি কক্সবাজার এবং উপস্থিত কৃষক-উদ্যোক্তাসহ সবাইকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, "সকলের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক ক্ষুধামুক্ত, পুষ্টিসমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ সমাজ।" কক্সবাজারের সকল উন্নয়নমূলক কাজে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।