কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোকতার আহমেদ আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগদান করেছেন। প্রথম দিনই কাটালেন ব্যস্ততম সময়। যোগদান করেছেন বেশ কয়েকটি অনুষ্ঠানে। পরিচিত হয়েছেন কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে নতুন ভিসি ক্যাম্পাসে পৌঁছলে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান মাহবুবা সুলতানা শিউলিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। এরপর নিজ দপ্তরে গিয়ে নিয়মিত অফিসিয়াল কার্যক্রম শুরু করেন। এ সময় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
শিক্ষক, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়
ভিসির দায়িত্ব গ্রহণের পরপরই শিক্ষক, কর্মকর্তাদের পরিচিতি সভা ও মতবিনিময় করেছেন প্রফেসর ড. মোকতার আহমেদ।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত সভার শুরুতে বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাগণ নবাগত ভিসি মহোদয়কে ফুল দিয়ে বরণ করেন। এরপর মতবিনিময় সভায় মিলিত হন। জেলার একমাত্র এই বেসরকারি বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন প্রফেসর ড. মোকতার আহমেদ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগের মাধ্যমে দীর্ঘ দিনের শূন্যতা পূরণ হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
নবাগত ভিসির সুযোগ্য নেতৃত্বে পর্যটন জেলার সর্বোচ্চ প্রতিষ্ঠানটি এখন থেকে সত্যি আন্তর্জাতিক মানের রূপ লাভ করবে বলে প্রত্যাশা করেন তিনি।
অনুষ্ঠানে ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ, প্রশাসনিক উপদেষ্টা খুরশিদুর রহমান, ট্রেজারার (ভারপ্রাপ্ত) ড. বেলাল নূর আজিজী, রেজিস্ট্রার রাজিদুল হক বক্তব্য রাখেন। শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ তাদের উন্মুক্ত মতামত পেশ করেন।
এর আগে দুপুরে আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগদান করেন মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ।
শৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণ
নতুন কর্মস্থলে যোগদানের পর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণ করেছেন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ।
উপাচার্য মহোদয়ের কনফারেন্স হলে কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মাহবুবা সুলতানা শিউলির সভাপতিত্বে এতে নবাগত ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ মহোদয় তার প্রথম সভায় উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০, ধারা ২৮ অনুযায়ী গঠিত কমিটির এই সভায় প্রশাসনিক উপদেষ্টা খুরশিদুর রহমান, রেজিস্ট্রার রাজিদুল হক, আইন বিভাগের চেয়ারম্যান গোলাম মওলা ও প্রক্টর (ভারপ্রাপ্ত) মোহাম্মদ বদিউল আলম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রফেসর ড. মোকতার আহমেদ কক্সবাজার জেলার উখিয়া রুমখা মরিচ্যা হাজির পাড়ার বাসিন্দা মরহুম আলহাজ্ব পেটান আলী সওদাগরের ছেলে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও চেয়ারম্যান।
মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে গত ১৩ অক্টোবর তিনি ভিসি হিসেবে নিয়োগ পান। এরই মধ্য দিয়ে জেলার একমাত্র বিশ্ববিদ্যালয়টি পেল স্থানীয় একজন ভাইস চ্যান্সেলর।
প্রফেসর ড. মোকতার আহমেদের সুদক্ষ হাত ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-দীক্ষা, প্রশাসনসহ সার্বিক দিক থেকে উন্নতি ও সমৃদ্ধি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।