কক্সবাজারের মহেশখালীতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী কৃষ্ণের জন্মতিথি বা ‘জন্মাষ্টমী’ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, মহেশখালী উপজেলা শাখার উদ্যোগে বিশাল মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনব্যাপী এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
শুক্রবার সকালে উৎসবমুখর পরিবেশে মঙ্গল শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমপি আলমগীর ফরিদ। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, "বাংলাদেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার দেশ। এখানে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে শান্তিতে বসবাস করে আসছে।" এ সময় তিনি অসাম্প্রদায়িক চেতনা বজায় রেখে উপজেলার সার্বিক উন্নয়ন ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরে তিনি শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
সনাতন ধর্মাবলম্বীদের এই মহাসমাবেশ ও উৎসবে এলাকার সর্বস্তরের ভক্তবৃন্দ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।