বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের মহেশখালী উপজেলা বিএনপির উদ্যোগে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় বড় মহেশখালীর ঐতিহাসিক নতুন বাজার ময়দানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সমাবেশ সম্পন্ন হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ সমাবেশ উপলক্ষে মহেশখালীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সুসজ্জিত মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে সমাবেশস্থলে সমবেত হন। মুহূর্তের মধ্যেই নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সুবিশাল ময়দান।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল কাদের বাবুলের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তারেক রহমান জুয়েল ও সাবেক দপ্তর সম্পাদক কাইছার হামিদ মুনিরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর ফরিদ বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই ঐতিহাসিক ও মাহেন্দ্রক্ষণে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। মহেশখালী-কুতুবদিয়াবাসীকে ঐক্যবদ্ধ হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেমের মহান আদর্শ হৃদয়ে ধারণ করতে হবে। দলমত নির্বিশেষে একতাবদ্ধ থেকে আমাদের প্রিয় নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই হোক আজকের দিনের প্রধান শপথ।"
তিনি আরও বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী মহেশখালী ও কুতুবদিয়া অঞ্চলের সার্বিক উন্নয়নে ২৪টি জনগুরুত্বপূর্ণ মেগা প্রকল্প ইতোমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে পেশ করা হয়েছে। সচিবালয়ে মুখ্য সচিব প্রকল্পগুলো গ্রহণ করেছেন এবং দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। এর মধ্যে দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত মহেশখালী-কক্সবাজার সেতু এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণ অন্যতম। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এই দুই দ্বীপাঞ্চলে সম্ভাবনার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ শুভক্ষণে জননেতা তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং মহেশখালীকে একটি আধুনিক ও সমৃদ্ধ মডেল অঞ্চল হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।"
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক রানা, হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা সোলেমান, পৌর বিএনপি নেতা অ্যাডভোকেট হামিদুল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার সিরাজুল হক, উপজেলা বিএনপি নেতা শফিউল আলম চেয়ারম্যান, সিরাজুল মোস্তফা বাঁশি চেয়ারম্যান, পৌর বিএনপি নেতা নুরুল ইসলাম কমিশনার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা জহির উদ্দিন, জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনচার উল্লাহ (বিএ), সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ স ম জাহেদুল হক নাহিদ, মোক্তার আহমদ, আবুল কাসেম, উপজেলা বিএনপি নেতা আব্দুল করিম, বড় মহেশখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম সাজেদুল হক লেদু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন রতন, উপজেলা বিএনপি নেতা আবদুর রহিম (বিএ), বড় মহেশখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দলিলুর রহমান এবং হোয়ানক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফোরকান আহমদ।
এছাড়াও সমাবেশে যুবদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রফিক উদ্দিন মানিক, আব্দুল মতিন, আসাদ উল্লাহ হেলালী, মিজানুর রহমান, মাহাফুজুর রহমান, শাহেদ খান, মোহাম্মদ আকবর, মামুনুল ইসলাম ও হারুন উদ্দিন রুবেল। ছাত্রদলের পক্ষে উপস্থিত ছিলেন ইমন চৌধুরী, আব্দুল আজিজ নয়ন, একরামুল হক, তায়েব ইলাহি, আলা উদ্দিন নায়েম, জাহেদ হাসান জিসান, মোহাম্মদ রোকন, জয়নাল আবেদীন ও সোহেল সিকদার।
কৃষকদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান, নেতা ওসমান গনি, আব্দুল জাব্বার, আব্দু শুক্কুর এবং পৌর কৃষকদলের আহ্বায়ক জাহেদুল হক তৌহিদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীবৃন্দ।