আদালতের কর্মকর্তা, কর্মচারী ও পুলিশের সদস্য সহ আদালতে দায়িত্ব পালনকারী সকলকে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব দিয়ে বিচারপ্রার্থীদের ন্যূনতম সময়ে সর্বোচ্চ সেবা দিতে হবে। যাতে আদালতের শরণাপন্ন হওয়া সকল বিচারপ্রার্থীর ন্যায় বিচার নিশ্চিত হয়।
সোমবার (৩০ মার্চ) কক্সবাজার জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে জেলা আদালতের অধীনস্থ বেঞ্চ সহকারী এবং জিআরও গণের অংশগ্রহণে "সরকারি আইনগত সহায়তার মান উন্নয়ন" শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় সভাপতির বক্তব্যে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুর রহিম এ আহবান জানান। জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ অভিজিৎ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত কর্মশালায় কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মো: আবু হানিফ, কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আলম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এবং এনজিও প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেন।
জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুর রহিম আরো বলেন, যেকোন প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের দক্ষতা, কর্মের মান ও গতিশীলতা বাড়ায় এবং মেধার বিকাশ ঘটায়। তিনি বলেন, বিচার বিভাগে আদালত সহায়ক কর্মকর্তা, কর্মচারীরা আদালতের খুবই গুরুত্বপূর্ণ অংশ। তাই আদালতে সীমিত জনবল, অবকাঠামোগত সমস্যা, লজিস্টিক সাপোর্টের অপ্রতুলতা সহ বিভিন্ন সংকটের মাঝেও সকলকে সচেতনতা ও দায়িত্বশীলতার সাথে নিজ নিজ কর্তব্য পালন করতে হবে। প্রশিক্ষণ কর্মশালায় আইনগত সহায়তার মান উন্নয়নে প্রশিক্ষকগণ অংশগ্রহণকারীগণের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রশিক্ষকবৃন্দ দাপ্তরিক সেবা সহজিকরণের উপর গুরুত্বারোপ করে সরকারি আইনি সহায়তার প্রচার ও প্রসারে কর্মশালায় অংশগ্রহণকারীদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহবান জানান।