স্টাফ রিপোর্টার, টেকনাফ
উখিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৬০০ কেজি ইউরিয়া সার ও ১০ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় সাইফুল ইসলাম (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল আনজুমানপাড়া বালুখালী খালের পাড়সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। পরে সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে এক ব্যক্তিকে আনজুমানপাড়া থেকে মালামাল নিয়ে বালুখালী খাল দিয়ে পানিতে ভাসিয়ে মিয়ানমারে পাচারের চেষ্টা করতে দেখা যায়।
এসময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তাদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি মালামাল ফেলে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা সাইফুল ইসলামকে আটক করেন। তিনি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের হাজীপাড়া এলাকার বাসিন্দা।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৬০০ কেজি ইউরিয়া সার ও ১০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে সার, তেলসহ বাংলাদেশি বিভিন্ন পণ্য যাতে মিয়ানমারে পাচার হতে না পারে, সে জন্য নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছে।
৬৪ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক, চোরাচালান ও সার পাচার প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ছাড়া চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছে বিজিবি।