নতুন অর্থ বছরেই প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১০ জুন) জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, বিদেশে থাকতে দেখেছি সেখানকার শিশুরা কি সুন্দর জুতা-জামা পরে স্কুলে যায়। আমার তখন ইচ্ছা হয়েছিল কোনোদিন সুযোগ পেলে বাংলাদেশের শিশুদের জন্যও সেই ব্যবস্থা করবো। এর অংশ হিসেবে আগামী অর্থ বছরে সরকারি প্রাথমিকের দুই লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা নেয়া হয়েছে। শুধু স্কুল ড্রেস নয়, খাতা-কলম-বই বহনের জন্য শিশুদের ব্যাগও দেয়া হবে। যেই ব্যাগ পাটের সোনালী আঁশ দিয়ে দেশেই তৈরি করা হবে।
এসময় ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, আগামী ১০০ দিনের মধ্যে দেশের দুই হাজার ৩৩৬টি কারিগরি ও ৮ হাজার ২৩২টি মাদরাসায় ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হবে। পাশাপাশি সারাদেশে শহর ও গ্রামে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামোগত উন্নয়নে গঠিত কমিটি কাজ করছে। প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় ৮ ও ১০ বিঘা উন্মুক্ত খেলার মাঠ তৈরি করা হবে।