পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের লক্ষ্যে ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে কলেজ মাঠে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক লায়ন মুহাম্মদ শওকত আলী নূর।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষরোপণ কর্মসূচির প্রতি গুরুত্ব দিয়ে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন কাজী, অনুজ কুমার বড়ুয়া, মো. রাসেল হোসেন, বিশিষ্ট সমাজসেবক আবদুল জলিল মেম্বার, জাহেদ হোসেন চৌধুরী, আবুল কাশেম, নঈম উদ্দিন, নাসির উদ্দিন রক্সি, রাসেল, কামাল উদ্দিন, হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। উপস্থিত অতিথিরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও পরিবেশবান্ধব উল্লেখ করে ভবিষ্যতেও কলেজে নিয়মিত সবুজায়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।