কয়েক দিন ধরে পর্যটন নগরী কক্সবাজারে বৈচিত্র্যময় আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। কোথাও তীব্র গরম, আবার কোথাও হঠাৎ ঝুম বৃষ্টি শেষে কিছুটা শীতল পরিবেশ। ঈদের দিনও কক্সবাজারের আবহাওয়ায় ভিন্নতা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (২৭ মে) রাতে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানিয়েছেন, কক্সবাজারের আকাশে বজ্রমেঘের ঘনঘটা বাড়ছে। এর ফলে পবিত্র ঈদুল আজহার দিন আকাশ মেঘলা থাকতে পারে এবং সময় সময় মেঘাচ্ছন্ন হয়ে উঠতে পারে।
তিনি আরও জানান, ঈদের আগের দিন রাত থেকে শুরু করে ঈদের দিন সকাল পর্যন্ত বৃষ্টির আভাস রয়েছে। কোথাও কোথাও মাঝারি মানের বৃষ্টিও হতে পারে। বিশেষ করে ঈদের দিন ভোর বা সকালে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি।
‘দিনের অগ্রগতির সঙ্গে সঙ্গে আকাশে মেঘের পরিমাণ বাড়তে পারে, তবে বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম থাকতে পারে। পাশাপাশি আর্দ্রতা বেশি থাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হতে পারে’, যোগ করেন মো. আব্দুল হান্নান।
সব মিলিয়ে তিনি জানান, ঈদের সময় আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না, বিশেষ করে সকাল ও রাতের দিকে।