সমুদ্রের ঢেউ, ঝাউবনের ছায়া আর রাতের আকাশে তারার মেলা-দিনের পাশাপাশি সন্ধ্যা ও রাতেও পর্যটকদের বিনোদনের সুযোগ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল। সমুদ্রসৈকতসংলগ্ন ঝাউবাগানের প্রায় ৩৫ একর এলাকাজুড়ে ২৪ ঘণ্টা চালু থাকবে এ আয়োজন। এতে থাকছে প্রায় ১৬টি ভিন্নধর্মী জোন।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের পরিকল্পনা ও ব্যবস্থাপনায় আয়োজিত ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬’-এর উদ্বোধন হবে আজ রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায়। কক্সবাজারের হোটেল শৈবাল সৈকত প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
‘ওয়েভ অব এক্সপেরিয়েন্স’ প্রতিপাদ্যে আয়োজিত এ কার্নিভালের আরেকটি স্লোগান ‘ফ্যামিলি ফান উইথ সান, সি অ্যান্ড স্টারস’। ফুড জোন, মার্কেটপ্লেস, ক্রাফট ভিলেজ, ওয়েলনেস সেন্টার, কিডস জোন ও ক্যাম্পিংয়ের পাশাপাশি থাকছে আন্তর্জাতিক মানের বালুর ভাস্কর্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী, গো-কার্টিং, কায়াকিং ও বিচ স্পোর্টস।
আয়জকদের প্রত্যাশা, এ কার্নিভালের মাধ্যমে কক্সবাজারের পর্যটনকে শুধু সমুদ্রসৈকতকেন্দ্রিক না রেখে দিন-রাতের বিনোদন ও নানা অভিজ্ঞতার সমন্বয়ে আরও আকর্ষণীয় করে তোলা সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য শামীম আরা বেগম স্বপ্না, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) লে. কর্নেল আবু নাঈম মো. তালাত, বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন-১৫-এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান, কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী এবং ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের সুপারিনটেনডেন্ট নিশাত অ্যাঞ্জেলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান।
সন্ধ্যার পরও পর্যটকদের ব্যস্ত রাখার পরিকল্পনা
কক্সবাজারে পর্যটকেরা সাধারণত দুই থেকে তিন দিন অবস্থান করেন। দিনের বড় একটি সময় তাঁরা সমুদ্রসৈকত ও বিভিন্ন পর্যটনকেন্দ্রে কাটালেও সন্ধ্যার পর বিনোদনের সুযোগ তুলনামূলক কম। ফলে পর্যটকদের দীর্ঘ সময় কক্সবাজারে ধরে রাখা কঠিন হয়ে পড়ে বলে মনে করেন আয়োজকেরা।
স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের প্রজেক্ট অ্যান্ড বিজনেস ইন্টিগ্রেশনের লিড আহমেদ সুপ্রতিম বলেন, ‘কক্সবাজারকে বাংলাদেশের পর্যটন রাজধানী বলা হয়। এখানে পর্যটকদের জন্য দিন-রাত নানা ধরনের বিনোদন ও কার্যক্রম থাকা প্রয়োজন। শুধু সমুদ্র উপভোগের মধ্যে পর্যটনকে সীমাবদ্ধ রাখলে এ খাতের কাঙ্ক্ষিত বিকাশ সম্ভব নয়।’
তিনি বলেন, পরিবারের সব সদস্যের জন্য আলাদা বিনোদনের ব্যবস্থা রাখা হচ্ছে। শিশুদের জন্য থাকবে কিডস জোন, সকালে যোগব্যায়ামের জন্য ওয়েলনেস সেন্টার, পাশাপাশি ফুড জোন, মার্কেটপ্লেস ও উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। প্রতিদিন সন্ধ্যায় দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
আন্তর্জাতিক শিল্পীদের হাতে তৈরি হবে বালুর ভাস্কর্য
কার্নিভালের অন্যতম আকর্ষণ হবে আন্তর্জাতিক শিল্পীদের তৈরি বালুর ভাস্কর্য। হাতি, ইলিশ, জেলেদের জীবন, সুন্দরবনসহ বাংলাদেশের প্রকৃতি, ঐতিহ্য ও জীবনযাত্রার নানা চিত্র ফুটিয়ে তোলা হবে এসব শিল্পকর্মে।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, সব মিলিয়ে ১৫ থেকে ২০টি ভাস্কর্য তৈরি করা হবে। এর মধ্যে ষাটগম্বুজ মসজিদ, জাতীয় সংসদ ভবন, আহসান মঞ্জিল ও লালবাগ কেল্লার মতো ঐতিহাসিক স্থাপনার প্রতিকৃতিও থাকবে। এ কাজে অংশ নিতে যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস থেকে এসেছেন দুই আন্তর্জাতিক বালুশিল্পী।
যুক্তরাজ্যের শিল্পী পল হগার্ড বলেন, বাংলাদেশে বালুর ভাস্কর্য তৈরি করতে পেরে তিনি আনন্দিত। প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে এ শিল্পের সঙ্গে যুক্ত তিনি। এ পর্যন্ত প্রায় ২০০ থেকে ২৫০টি পূর্ণাঙ্গ হাতির বালুর ভাস্কর্য তৈরি করেছেন। কক্সবাজারে এসে কাজ করার অভিজ্ঞতাকে তিনি বিশেষ বলে উল্লেখ করেন।
নেদারল্যান্ডসের শিল্পী রেমি হগার্ড বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো বালুর ভাস্কর্য তৈরি করতে পেরে তাঁরা আনন্দিত। দেশের প্রকৃতি, প্রাণী ও মানুষের জীবনযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন ভাস্কর্য নির্মাণ করছেন তাঁরা। হাতির পাশাপাশি মাছ ধরার নৌকা ও একজন জেলের ইলিশ মাছ ধরার দৃশ্যও তুলে ধরার প্রস্তুতি চলছে।
বাংলাদেশি বালুশিল্পী জীবন রায় বলেন, ২০১২ সালে বালুশিল্পের সঙ্গে তাঁর পথচলা শুরু। দীর্ঘদিনের স্বপ্ন ছিল আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গে নিয়ে কক্সবাজারে বড় পরিসরে বালুর ভাস্কর্য তৈরি করা। এবার সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। ভাস্কর্যের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, জীববৈচিত্র্য, জেলে ও কৃষকের জীবনসংগ্রাম বিশ্বের সামনে তুলে ধরতে চান তাঁরা।
ক্যাম্পিং, ক্যাম্পফায়ার ও তারাভরা আকাশ
কার্নিভালে থাকছে সমুদ্রের কাছাকাছি ক্যাম্পিংয়ের সুযোগ। হোটেলকেন্দ্রিক পর্যটনের বাইরে প্রাকৃতিক পরিবেশে রাত কাটানোর অভিজ্ঞতা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা।
এ ছাড়া প্রায় তিন হাজার মানুষের একসঙ্গে বসে খাবার খাওয়ার ব্যবস্থা থাকবে। বিভিন্ন ফুড স্টল থেকে খাবার সংগ্রহ করে দর্শনার্থীরা নির্দিষ্ট জায়গায় বসে খেতে পারবেন। গো-কার্টিং, কায়াকিং, বিচ স্পোর্টস ও ক্যাম্পফায়ারের পাশাপাশি রাতের আকাশ পর্যবেক্ষণের সুযোগও রাখা হচ্ছে।
আহমেদ সুপ্রতিম জানান, কার্নিভাল ২৪ ঘণ্টা চালু রাখার পরিকল্পনা রয়েছে। ফলে পর্যটকেরা নিজেদের সুবিধামতো সময়ে এসে সূর্যোদয়, সূর্যাস্ত কিংবা রাতের সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
নিরাপত্তায় সিসিটিভি ও এআই প্রযুক্তি
৩৫ একর এলাকাজুড়ে আয়োজিত কার্নিভালে নিরাপত্তার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী নিয়োগের পাশাপাশি পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হবে। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে ফেস ডিটেকশনসহ আধুনিক নজরদারিব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
আহমেদ সুপ্রতিম বলেন, ‘বিদেশি পর্যটকদের জন্য নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই এ ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করার চেষ্টা চলছে।’
বাংলাদেশ পর্যটন করপোরেশন এ কার্নিভালের উদ্যোক্তা। বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড।
আয়োজকদের প্রত্যাশা, তিন মাসব্যাপী এ আয়োজন কক্সবাজারের পর্যটনে নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে রাতের পর্যটন সক্রিয় হলে পর্যটকদের অবস্থানের সময় বাড়বে। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও পর্যটননির্ভর অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।