স্টাফ রিপোর্টার, পেকুয়া
'ফ্যাসিস্টদের জন্য ফাঁসির দড়ি হাতে নিয়ে অপেক্ষা করছে দেশের মানুষ। তারা দেশে আসুক। জনগণ কঠোরভাবে ব্যবস্থা নেবে' বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
তিনি গতকাল (১৬ জুলাই) বৃহস্পতিবার সকালে পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।
তিনি আরও বলেন, 'ফ্যাসিস্টরা এখন যে বক্তব্য দিয়ে যাচ্ছে তা তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র । এটা দিয়ে তাদেরকে কোন ভাবে বাংলাদেশের মানুষ সফল হতে দেবেনা।'
কবর জিয়ারত শেষে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের পিতার কাছে অর্থ সহয়তা প্রদান করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, জুলাই আন্দোলনে যারা দেশের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছেন, তারা দেশের ইতিহাসে আজীবন রয়ে যাবে। দেশ এবং দেশের মানুষ কখনই তাদের ভুলবে না। এসময় শহীদ ওয়াসিমের পিতা শফিউল আলমকে সান্তনা দেন তিনি।
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ( উন্নয়ন) জিয়াউদ্দিন আহমেদ, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব শেখ মোহাম্মদ আরিফুল ইসলাম, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) এ এস এম নুরুল আখতার নিলয়, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মাহবুল আলম, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, শহীদ ওয়াসিমের পিতা শফিউল আলম, পেকুয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুর রহমান হৃদয়, জুলাই আন্দোলনের পেকুয়া প্রতিনিধি হিরণ সরওয়ারসহ অনেকেই এসময় উপস্থিত ছিলেন।