দায়িত্ব গ্রহণের পর পরই সরকার অগ্রাধিকারভিত্তিতে ইশতেহারে ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। এ ক্ষেত্রে জেলা তথ্য অফিসগুলো জনগণের কাছে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি এবং ইশতেহারের আলোকে প্রদত্ত সেবা সম্পর্কিত তথ্য তুলে ধরছে।
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল গতকাল মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কক্সবাজার জেলা তথ্য অফিস আয়োজিত নারী সমাবেশে একথা বলেন।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নে গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় জেলা তথ্য অফিস, কক্সবাজার এর উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল ১১ টায় রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের দক্ষিণ মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ইতিমধ্যেই শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে বিএনপি ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আগামী ১৮০ দিন, আগামী অর্থবছর এবং আগামী ৫ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরেছেন।
তিনি বলেন, সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির আওতায় ‘প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে সুরক্ষা দিতে প্রাথমিক পর্যায়ে নারীপ্রধান পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকের সার্বিক সুরক্ষা দিতে কৃষক কার্ড প্রদানসহ কৃষি ঋণ মওকুফ, হেলথ কার্ড, বৃক্ষরোপণ, খাল খনন ও নারীদের জন্য গাড়ি ইত্যাদি কার্যক্রম শুরু হয়েছে। আর সরকারের এসব কার্যক্রম জনগণকে অবহিতকরণের লক্ষ্যেই জেলা তথ্য অফিস আজকের এ সমাবেশের আয়োজন করেছে।
সমাবেশে সভাপতির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মীর মোহাম্মদ আসলাম উদ্দীন নারী শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, সমাজ ও জাতি গঠনে শিক্ষিত মায়েদের দায়িত্ব নিতে হবে।
জেলা তথ্য অফিসার মো: আব্দুছ ছাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান খোদেসতা বেগম রীনা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল জব্বার ও সহকারী শিক্ষক জামাল হোসেন চৌধুরি বক্তব্য প্রদান করেন।
এসময় বক্তারা দুর্নীতি, মাদক, গুজব, বাল্যবিবাহ ও নারী নির্যাতন, ডেঙ্গু, মানব পাচার ইত্যাদি প্রতিরোধ এবং নৈতিকতা ও মূল্যবোধ, হামের টীকাদান ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে প্রায় দুশতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।