কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার দীর্ঘদিনের পুঞ্জীভূত দুর্যোগ ও অরক্ষিত বেড়িবাঁধের দুঃখ ঘোচাতে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে বড় ধরনের উন্নয়ন কর্মযজ্ঞ। দিনব্যাপী নানা গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) কুতুবদিয়া সফর করেছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
সফরকালে তিনি সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সরকারি ত্রাণসামগ্রী ও জরুরি কিট বিতরণ, দ্বীপের অতি ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ এলাকা সরেজমিনে পরিদর্শন এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
কুতুবদিয়াবাসীর বহুল কাঙ্ক্ষিত ও প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আলী আকবর ডেইল ইউনিয়নের মুরুম পাড়ায় ৭১ নম্বর পোল্ডারের অন্তর্ভুক্ত এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে প্রথম পর্যায়ে প্রায় ৬ কিলোমিটার টেকসই বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের প্রাথমিক পরিদর্শন করেন এমপি আলমগীর ফরিদ।
পরিদর্শন শেষে এমপি ফরিদ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ও কুতুবদিয়াবাসীর প্রতি দেওয়া আমার প্রতিশ্রুতির অংশ হিসেবে এই টেকসই বেড়িবাঁধ নির্মাণকাজের পথ সুগম হয়েছে। প্রধানমন্ত্রীর হাত ধরেই কুতুবদিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন ঘটতে যাচ্ছে। পর্যায়ক্রমে আমার নির্বাচনী প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও জানান, এমপি হিসেবে তাঁর দীর্ঘদিনের আবেদনের প্রেক্ষিতে এবং সম্প্রতি প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেওয়া উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকার তালিকার ওপর ভিত্তি করে পানি সম্পদ মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) কুতুবদিয়ার ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকা ও প্রস্তাবিত প্রকল্প সরজমিনে পরিদর্শনে আসছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ও পানি সম্পদ সচিবের নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদল।
সোমবার সকালে এমপি আলমগীর ফরিদ কুতুবদিয়ার বড়ঘোপ ঘাটে পৌঁছালে তাঁকে উপজেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
এ সময় ঘাটে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমদ চেয়ারম্যান, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ আহমদ চৌধুরী চেয়ারম্যান ও সদস্য সচিব এম. এ. সালাম কুতুবী।
এছাড়াও লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসাইন, আলী আকবর ডেইল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার কামাল, স্থানীয় বিএনপি নেতা কামরুল ইসলাম সিকদার, ইদ্রিস খন্দকার খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব জাহেদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোকাররম কুতুবী, সদস্য সচিব আব্দুল মান্নানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও মহিলাদলের অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে উপকূলীয় অঞ্চলে অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসচ্ছল পরিবারগুলোর হাতে সরকারি ত্রাণ সামগ্রী ও বিশেষ সহায়তা কিট তুলে দেন এমপি আলমগীর ফরিদ।
পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে সরকারি দপ্তরের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে এমপি আলমগীর ফরিদ বলেন, “কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না। কর্মকর্তাদের অত্যন্ত সততার সহিত দায়িত্ব পালন করে সাধারণ জনকল্যাণে নিবেদিত হয়ে কাজ করতে হবে। সরকারি সেবা যেন প্রতিটি প্রান্তিক মানুষের দোরগোড়ায় সহজে পৌঁছে, তা নিশ্চিত করা আমাদের সকলের মূল দায়িত্ব।”