স্টাফ রিপোর্টার, টেকনাফ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের টেকনাফে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাংসদ শাহজাহান চৌধুরীর নেতৃত্বে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী অংশ নেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিশাল র্যালিটি বের করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপুরের আগ থেকেই টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন।
এ সময় নেতাকর্মীদের হাতে ছিল দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড। বিভিন্ন স্লোগানে পুরো শহীদ মিনার প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। একপর্যায়ে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে আশপাশের সড়কগুলো জনসমুদ্রে পরিণত হয়।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাংসদ শাহজাহান চৌধুরীর নেতৃত্বে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি সুসজ্জিত ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি টেকনাফ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে প্রাণকেন্দ্রে গিয়ে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা দলীয় পতাকা ও ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগান দেন। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীদের পৃথক পৃথক মিছিল মূল র্যালিতে যুক্ত হলে পৌর শহরের প্রধান সড়ক গুলোতে ব্যাপক জনসমাগমের সৃষ্টি হয়। এতে পুরো পৌর শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ শাহজাহান চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গণমানুষের দল। বহু ঘাত-প্রতিঘাত পার করে বিএনপি আজ জনগণের অধিকার আদায়ের অন্যতম প্রধান শক্তিতে পরিণত হয়েছে।
তিনি বলেন, দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমাদের প্রধান লক্ষ্য হলো রাজপথে ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের সার্বভৌমত্ব রক্ষা করা।
তিনি দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দলের সিদ্ধান্ত ও বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের পাশে থেকে তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় বিএনপির নেতাকর্মীদের কাজ করে যাওয়ার আহ্বান জানান।
র্যালি ও পথসভায় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. হাসেম সিআইপি এবং সাংগঠনিক সম্পাদক এইচ. ওসমান গনি। এ ছাড়া টেকনাফ পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব হাফেজ এনামুল হাসান, যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন বাবলু, আব্দুস সালামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কাইয়ুম, সদস্য সচিব জোনায়েদ আলী চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল শুক্কুর এবং উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুস শরীফ। এ ছাড়া বিএনপি, যুবদল, কৃষক দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী র্যালি ও পথসভায় অংশগ্রহণ করেন।
দলীয় নেতাকর্মীরা জানান, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টেকনাফে আয়োজিত এ কর্মসূচিতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল। উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন। পুরো কর্মসূচিজুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। ব্যাপক জনসমাগমের মধ্যেও র্যালি ও পথসভা শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টেকনাফে আয়োজিত এই বিশাল র্যালি ও পথসভা দলটির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে উপস্থিত নেতাকর্মীরা মনে করেন।