বার্তা পরিবেশক
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ‘অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য’ ছড়ানোর অভিযোগ তুলে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক শাহাদত হোসেন ।
মঙ্গলবার এক বিবৃতিতে উপজেলা বিএনপির নেতারা বলেন, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এসব অপপ্রচারে নেতা-কর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শাহজাহান চৌধুরী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে উখিয়া-টেকনাফের মানুষের পাশে রয়েছেন। তাঁর রাজনৈতিক জনপ্রিয়তা ও সাংগঠনিক ভূমিকা নিয়ে দলের তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সমর্থন রয়েছে বলে দাবি করেন উপজেলা বিএনপির নেতারা।
তারা আরও বলেন, একটি মহল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন অভিযোগ ছড়িয়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং দলের ঐক্য বিনষ্টের চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
উপজেলা বিএনপির নেতারা বলেন, ‘মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।’ একই সঙ্গে যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচার বা শেয়ার না করার জন্য দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তারা।
বিবৃতিতে বলা হয়, কক্সবাজারে আবাসিক হোটেল দখল-বেদখলের সাথে এমপি শাহজাহান চৌধুরী জানেন না। অথচ এব্যাপারে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর যে এমপি শাহজাহান চৌধুরীকে নিয়ে অপ্রচার চালাচ্ছেন, তার বিরুদ্ধে সংগঠণ যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেন।