কক্সবাজারের টেকনাফের হ্নীলা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি মিষ্টি তৈরির কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
রোববার দুপুরে হ্নীলা পুরাতন বাজার ও হ্নীলা স্টেশন এলাকায় এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনিক চৌধুরীর নেতৃত্বে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন।
অভিযানে বিভিন্ন মুদির দোকান, সার বিক্রয়কেন্দ্র, সারের গুদাম ও সবজি বাজার পরিদর্শন করা হয়। ব্যবসায়ীদের অযথা পণ্যের দাম না বাড়ানো এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।
পরে হ্নীলা পুরাতন বাজারের ‘খিরসা বি’ নামের একটি মিষ্টির কারখানায় অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি হ্নীলা স্টেশনের তিনটি সার ডিলারসহ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
ইউএনও এস এম অনিক চৌধুরী বলেন, অতিরিক্ত মুনাফা, ওজনে কম দেওয়া, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি কিংবা অবৈধভাবে খাদ্যদ্রব্য তৈরির সুযোগ নেই। বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবিরসহ উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।