কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে ঝড়ো হাওয়ার তাণ্ডবে বসতবাড়ির ওপর গাছ পড়ে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
নিহত গৃহবধূর নাম মাইমুনা আক্তার (১৯)। তিনি ঈদগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম টুঠারবিল গ্রামের জালাল আহাম্মদের ছেলে টমটমচালক ওবায়দুল হকের স্ত্রী।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে বয়ে যাওয়া ঝড়ো হাওয়ায় পশ্চিম টুঠারবিল এলাকায় জালাল আহাম্মদের বসতবাড়ির ওপর একটি বড় সাফালিশ গাছ ভেঙে পড়ে। এতে বাড়িটি বিধ্বস্ত হয়। ওই সময় ঘরের ভেতরে থাকা মাইমুনা আক্তার গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঈদগড় মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী ওবায়দুল হক জানান, প্রায় এক বছর আগে তাদের বিয়ে হয়। মৃত্যুকালে মাইমুনা আক্তার ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
মাইমুনার মৃত্যুতে তার শ্বশুরবাড়িসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, একই গ্রামের আমির হোসেনের ছেলে রশিদ আহাম্মদের বাড়ি, মো. কালুর ছেলে আবুল হোসেনের বাড়ি এবং ছগিরাকাটা এলাকার ছারা খাতুনের বসতবাড়ি ঝড়ে বিধ্বস্ত হয়েছে।
ঈদগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন সিকদার জানান, ঝড়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, “আমরা পুরো এলাকা ঘুরে দেখছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে বিস্তারিত জানানো যাবে।”
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় সরকারের জরুরি পদক্ষেপ কামনা করেন।