স্টাফ রিপোর্টার, পেকুয়া
পেকুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সরেজমিনে পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ।
পরিদর্শনকালে তিনি নদী ভাঙ্গন রোধে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি বন্যা ও পানির তোড়ে ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের ঘোষণা দেন।
পেকুয়ার মেহেরনামার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি মগনামার সোনালী বাজারে ক্ষতিগ্রস্ত স্লুইসগেট পরিদর্শন করেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে প্রতিমন্ত্রী পেকুয়া উপজেলার পূর্ব মেহেরনামা এলাকার কবরস্থান সংলগ্ন বন্যায় ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ এলাকায় যান। সেখানে ভেঙ্গে যাওয়া বাঁধের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এরপর দুপুর ১ টার দিকে মগনামার সোনালী বাজার সংলগ্ন ধ্বসে যাওয়া স্লুইস গেইট ও শরৎঘোনায় ঝু্কিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করেন।
এসময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দীর্ঘদিনের ভোগান্তি, নদী ভাঙ্গনের আতঙ্ক ও দুর্ভোগের কথা শুনেন। স্থানীয় বাসিন্দারা বর্ষা মৌসুমে জোয়ারের পানি প্রবেশ ও বেড়িবাঁধ ভেঙ্গে প্রতিবছর ক্ষয়ক্ষতির কথা তার কাছে তুলে ধরেন। তাদের কথা শুনে তিনি স্থায়ী সমাধানের আশ্বাস দেন।
প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে পেকুয়ার, চকরিয়া, মাতামুহুরি ও কুতুবদিয়া উপজেলার বন্যা ও ভাঙ্গনকবলিত বেড়িবাঁধগুলো পরিদর্শনে এসেছি। বর্ষা মৌসুম এলেই এই অঞ্চলের মানুষকে ভাঙ্গন ও প্লাবনের আতঙ্কে দিন কাটতে হয়। মানবিক এ সংকট দূর করতে দ্রুত টেকশই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। যাতে পাহাড়ি ঢল বা জোয়ারের পানিতে বাঁধ আর ভেঙ্গে না যায়।
তিনি আরো বলেন, বাঁধ পুনঃনির্মাণের পাশাপাশি বন্যা ও ক্ষতিগ্রস্থ সড়কগুলোও দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ এমপি,পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন,কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আবদুল মান্নান, কক্সবাজার ও বান্দরবান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অপু দেবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।