কক্সবাজারের উপকূলীয় ও সীমান্ত এলাকার গুরুত্বপূর্ণ একাধিক বন্যা নিয়ন্ত্রণ ও টেকসই বেড়িবাঁধ প্রকল্প সরেজমিনে পরিদর্শনের উদ্দেশ্যে ২ দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ও বুধবার (২৩ সেপ্টেম্বর) তিনি জেলা ও বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ প্রকল্প এলাকাগুলো ঘুরে দেখবেন এবং স্থানীয় প্রশাসন ও প্রকল্প সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করবেন।
পানি সম্পদ মন্ত্রণালয়ের স্মারক সূত্রে প্রাপ্ত সফরসূচি অনুযায়ী, ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ০৭টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নভোএয়ারের একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন প্রতিমন্ত্রী। সকাল ৮টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সরাসরি সড়কপথে উখিয়া ও টেকনাফ উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে তিনি “কক্সবাজার জেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত নিরাপত্তা উন্নত করার জন্য উখিয়া ও টেকনাফ উপজেলার নাফ নদী বরাবর পোল্ডার সমূহের (৬৭/এ, ৬৭, ৬৭/বি এবং ৬৮) পুনর্বাসন (২য় সংশোধিত)” শীর্ষক প্রকল্প এলাকা পরিদর্শন করবেন এবং দুপুর ১০টা ৩০ মিনিটে স্থানীয় প্রশাসন ও সুবিধাভোগীদের সাথে আলোচনায় অংশ নেবেন। পরবর্তীতে অপরাহ্নে সার্কিট হাউজে ফিরে তিনি রাত্রিযাপন করবেন।
সফরের দ্বিতীয় দিন, ২৩ সেপ্টেম্বর (বুধবার) সকাল ৭টায় সার্কিট হাউজ থেকে দ্বীপ উপজেলা কুতুবদিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সকাল ১০টায় তিনি কুতুবদিয়ায় প্রস্তাবিত “কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার পোল্ডার নং-৭১ এ সুপার ডাইক নির্মাণসহ টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা (১ম পর্যায়)” শীর্ষক মেগা প্রকল্প এলাকা পরিদর্শন করবেন এবং জনসভায় ও স্থানীয় সুধীজনের সাথে মতবিনিময় করবেন।
এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে কুতুবদিয়া সফর শেষে প্রতিমন্ত্রী পেকুয়া উপজেলার উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর ০১টা ৩০ মিনিটে তিনি পেকুয়ায় প্রস্তাবিত “কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন এবং সেচ ব্যবস্থার উন্নয়নে উপকূলীয় পোল্ডার নং-৬৪/২এ এবং ৬৪/২বি এর পুনর্বাসন প্রকল্প” এলাকা পরিদর্শন ও পর্যালোচনা সভায় যোগ দেবেন।
পেকুয়া ও কুতুবদিয়া সফর শেষ করে বিকেলে কক্সবাজার সার্কিট হাউজে ফিরে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে এয়ার অ্যাস্ট্রার সান্ধ্যকালীন ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন তিনি।
প্রতিমন্ত্রীর এই সফর সঙ্গী হিসেবে থাকবেন তাঁর একান্ত সচিব (উপসচিব) মো. আবু রায়হান দোলন, সহকারী একান্ত সচিব মো. জহিরুল ইসলাম বাবুসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও প্রতিনিধি দল। প্রতিমন্ত্রীর এই সফর কেন্দ্র করে পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী ও কক্সবাজার জেলা প্রশাসন সার্বিক নিরাপত্তাসহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।