জাতীয় সংসদের ‘বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সভাপতি নির্বাচিত হয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
সম্প্রতি এক সংসদীয় অধিবেশনে এই কমিটি গঠন করা হয় এবং তাঁকে এই গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এছাড়া, তিনি জাতীয় সংসদের ‘জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছেন।
সংসদীয় কার্যবিধি অনুযায়ী, এই স্থায়ী কমিটি জাতীয় সংসদে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নবগঠিত এই কমিটি সংসদে বেসরকারি সদস্যদের আনা বিল পরীক্ষা, পর্যালোচনা এবং তা সংসদে পেশ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।
এছাড়া, এই কমিটি সিদ্ধান্ত প্রস্তাব পরীক্ষা, আইনের খসড়া তৈরিতে সহায়তা, বিলের ওপর সংসদে আলোচনার সময় নির্ধারণ করা এবং বিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যাবতীয় ফাইল ও তথ্য তলব করার ক্ষমতা রাখে। এক কথায়, বেসরকারি বিলের কার্যক্রম ও নীতির ওপর সংসদীয় তদারকি এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে শাহজাহান চৌধুরীর নেতৃত্বাধীন এই কমিটি।
উখিয়া-টেকনাফের মতো গুরুত্বপূর্ণ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী একই সাথে দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটিতে জায়গা পাওয়ায় তাঁর নির্বাচনী এলাকার মানুষের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জনপ্রশাসন এবং বেসরকারি বিল সংক্রান্ত কমিটিতে তাঁর এই অবস্থান কক্সবাজার অঞ্চলের মানুষের অধিকার আদায় ও সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।