কক্সবাজার জেলা সদর হাসপাতালে জরুরিভিত্তিতে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ কিডনি ডায়ালাইসিস সেন্টার এবং আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) স্থাপনের জন্য ডিও লেটার দিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। বুধবার (১ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেনকে তিনি এ ডিও লেটার দেন।
ডিও লেটারে এমপি অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না বলেন, কক্সবাজারে ২৮ লক্ষের বেশি লোকের বসবাস। কিন্তু এখানকার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার না থাকায় কিডনি রোগীদের ঢাকা ও চট্টগ্রাম গিয়ে কিডনি ডায়ালাইসিস করাতে হয়। এতে কিডনি রোগীদের ভোগান্তি ও চিকিৎসা খরচ অনেক বেড়ে যায়। চিকিৎসার অভাবে অনেক রোগী মৃত্যুবরণ করে। আবার অনেক সময় দূরপাল্লার যাত্রার ধকল সহ্য করতে না পেরে রোগীর অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়ে। দরিদ্র ও মধ্যবিত্ত রোগীদের অনেকসময় ঢাকা, চট্টগ্রাম গিয়ে চিকিৎসা করানো সম্ভব হয়না।
এছাড়া, সদর হাসপাতালে সরকারি ব্যবস্থাপনায় আধুনিক আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) না থাকায় কক্সবাজারে স্ট্রোক করা রোগীদের ঢাকা বা চট্টগ্রাম নিতে গিয়ে অনেকে পথিমধ্যে মৃত্যুবরণ করে থাকে। এজন্য, মানবিক দিক বিবেচনা করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে একটি পূর্ণাঙ্গ কিডনি ডায়ালাইসিস সেন্টার এবং আইসিইউ স্থাপনের জন্য নির্দেশ দিতে ডিও লেটারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীকে এমপি অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না অনুরোধ করেন। মন্ত্রী ডিও লেটারটি গ্রহন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে বুধবার নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, কক্সবাজার জেলা সদর হাসপাতালে একটি পূর্ণাঙ্গ কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের জন্য কক্সবাজারবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন।