কক্সবাজার শহরের জাদী পাহাড় এলাকায় মোটরসাইকেল সংক্রান্ত বিরোধ ও বাকবিতণ্ডার জেরে সাইফুল ইসলাম (২৯) হত্যা মামলার আসামি সাদমান সিহাবকে (৩০) গ্রেফতার করেছে এসআরবি। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি-১৫ জানায়, গত ২০ সেপ্টেম্বর সকালে পাওনা টাকা পরিশোধের কথা বলে পূর্বপরিচিত কয়েকজন সাইফুল ইসলামকে জাদী পাহাড় এলাকায় ডেকে নেন। পরে দুপুরে তাদের মধ্যে বাকবিতণ্ডা হলে সাইফুলকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।
পরে সাইফুলের মা ও স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই জড়িতদের গ্রেফতারে ছায়া তদন্ত ও অভিযান শুরু করে এসআরবি-১৫। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার সদর থানার খুরুশকুল স্টিল ব্রিজ এলাকা থেকে মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি সাদমান সিহাবকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
এসআরবি-১৫ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সাদমানের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় দায়ের করা হত্যা মামলাসহ মাদক ও অন্যান্য অপরাধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। গ্রেফতার সাদমান সিহাব কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব টেকপাড়া এলাকার মঞ্জুর আলমের ছেলে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।