কক্সবাজারের ক্ষুদে মেধাবী শিক্ষার্থী মুমতাহা মামুন ‘সাফা’ আলোকিত মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জন করে একমাত্র স্বর্ণপদক বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে।
সাফা কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে ২০২৫ সালে অনুষ্ঠিত জেলাভিত্তিক সর্ববৃহৎ ‘আলোকিত মেধা বিকাশ স্বর্ণপদক বৃত্তি পরীক্ষা'য় অংশ নিয়ে এই অসাধারণ সাফল্য অর্জন করে।
গত ৫ সেপ্টেম্বর এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে সাফার হাতে আনুষ্ঠানিকভাবে স্বর্ণপদক, সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও অন্যান্য পুরস্কার তুলে দেন আলোকিত মেধা বিকাশ স্বর্ণপদক বৃত্তি পরীক্ষার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাফর আমিন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাফার এই অনন্য অর্জন শুধু তার পরিবারের জন্যই নয়, বরং পুরো কক্সবাজারের জন্য এক আনন্দ ও গর্বের বিষয়। ছোট বয়সেই তার এই কৃতিত্ব মেধা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের উজ্জ্বল প্রমাণ।
ভবিষ্যতে সে তার মেধা ও জ্ঞান দিয়ে সমাজ ও দেশকে আরও আলোকিত করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত শিক্ষক ও অতিথিরা।
কক্সবাজারের সন্তান মুমতাহা মামুন সাফা কক্সবাজারের বিশিষ্ট অধিবাসী মো. মামুনুর রেজা মামুন এবং ফ্লোরিন জাহান শাওন দম্পতির কনিষ্ঠ কন্যা। সাফার পরিবার তার এই অব্যাহত সাফল্যের জন্য কক্সবাজারবাসীসহ সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।