মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের পূর্ব কোনাখালী সিকদার পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুর পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে সংঘটিত অগ্নিকাণ্ডে ওই এলাকার মোক্তার আহমেদের বসতবাড়ি পুড়ে যায়। এতে পরিবারটির কমপক্ষে ১৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানিয়েছেন কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার।
অগ্নিকাণ্ডের শিকার পরিবারটি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে মানবিক সংকটে পড়ে। ক্ষতিগ্রস্থ পরিবারটির মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
যুব রেডক্রিসেন্ট ডেপুটি টিম লিডার ইশফাতুল হাসান ইশফাত বলেন, এই মানবিক সহায়তার মাধ্যমে অগ্নি দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের তাৎক্ষণিক দুর্ভোগ লাঘব এবং তাদের সংকটময় সময়ে পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
তিনি বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্যোগ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। অসহায় ও বিপদগ্রস্থ মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মানবিক সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের আজীবন সদস্য বদরুন নাহার কলি সদস্য, আরসিওয়াই সানজিদা ইসলাম রেশমি ও মুহাম্মদ জিহাদ প্রমূখ।