রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার একটি পর্নোগ্রাফি মামলার ১ নম্বর এজাহারভুক্ত ও পলাতক আসামিকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কক্সবাজার বিমানবন্দরের নির্মাণাধীন নতুন রানওয়ে এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৫ (কক্সবাজার) এবং এসআরবি-৩ এর একটি যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. আখতারুজ্জামান (৩১)। সে রংপুর জেলার কাউনিয়া থানার ৩ নম্বর ওয়ার্ডের সোনাতন মধ্যপাড়া এলাকার মো. নূর ইসলামের ছেলে। সোমবার রাতে এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে এসআরবি-১৫ (সদর ব্যাটালিয়ন) এবং এসআরবি-৩ এর একটি যৌথ আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন বিমানবন্দরের নির্মাণাধীন নতুন রানওয়ের পাশে সিসিইসিসি অফিসের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা থেকে পালিয়ে আসা পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আখতারুজ্জামানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা। অভিযানকালে তার কাছ থেকে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানের বরাত দিয়ে এসআরবি আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর অধীনে একটি মামলা রয়েছে। সে ওই মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি। অপরাধ সংঘটনের পর গ্রেপ্তার এড়াতে সে কক্সবাজারে এসে আত্মগোপন করেছিল।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।