মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের সামনের লম্বাঘোনা বাজার এলাকায় এক মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে মহেশখালী থানা পুলিশের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে সাধারণ জনগণ, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি এবং স্কুল শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সুলতান।
বক্তব্য প্রদানকালে তিনি বলেন, "মাদক সমাজের একটি ভয়াবহ ব্যাধি, যা আমাদের তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। মহেশখালীকে পুরোপুরি মাদকমুক্ত করতে থানা পুলিশ 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে। এ বিষয়ে কোনো অপরাধীকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।"
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে তিনি অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এর আগে অনুষ্ঠিত মাদকবিরোধী র্যালিতে "নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি", "মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, যুবসমাজকে বাঁচান" ইত্যাদি সচেতনতামূলক স্লোগান সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালি ও সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং মহেশখালী থানা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।