রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘি বড়ডেফা নিবাসী বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটের দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেচুয়াপালংস্থ দারিয়ারদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। তাঁর বড় ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরী মৃৃত্যু ও জানাযার সংবাদটি নিশ্চিত করেছেন।
নামাজে জানাযার পূর্বে বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় (গার্ড অব অনার) সম্মাননা জানানো হবে বলে জানিয়েছেন, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান।
মরহুম বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী, রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘি বড়ডেফার বাসিন্দা দারিয়ারদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মাষ্টার মোহাম্মদ আলী সিকদারের বড় ছেলে।আবদুল আলী সিকদার বংশের হায়দার আলী সিকদার প্রজন্ম পুরুষ মরহুম ছাদেক আলী সিকদারের নাতি।
মরহুম বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী রামু-উখিয়া উপজেলার প্রাচীন বংশের সংগঠন 'আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ'র সাংগাঠনিক সম্পাদক ছিলেন। তিনি আবদুল আলী সিকদার বংশের একাদশ পুরুষ।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি দুই ছেলে, তিন মেয়ে, আত্মীয় স্বজন, নাতিনাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবরে পরিবার, আত্মীয়-স্বজন, সামাজিক-রাজনৈতিক অঙ্গন ও আবদুল আলী সিকদার বংশসহ এলাকার সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র শোক : রামু-উখিয়ার প্রাচীন জনগোষ্ঠীর সংগঠন আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘের প্রধান উপদেষ্টা ও রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট আবুল মনসুর, সভাপতি মুহাম্মদ আলী হায়দার, সহ-সভাপতি মাহাবুব উল আলম কাজল, আজিজুল হক সিকদার, মাষ্টার জাফর আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ খালেদ, অর্থ সম্পাদক ও খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম চৌধুরী, যুগ্ম সম্পাদক ডা. এম এন আবদুল গফুর, আবছার মিয়া, মোজাম্মেল হক সিকদার, মাহমুদুল হক সিকদার সহ আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ'র সদস্যরা।