বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কিশোর গ্যাং এর বিস্তার, মাদকে সয়লাভ, কলেজে রশিদ বিহীন টাকা উত্তোলন-দুর্নীতির অভিযোগ, মাধ্যমিক স্তরের শিক্ষার দুরবস্থা শিক্ষা সেবা শূণ্যের কোটায় পৌঁছা, পরিবেশ ও ছিচকে চোর নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব বিষয় নিয়ে বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা কামাল উদ্দিন, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা ও সাবেক দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাঈনুদ্দিন খালেদ, জামায়াত ইসলামী নেতা রফিক আহমদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল ও নাইক্ষ্যংছড়ি হাজি এমএ কালাম সরকারী কলেজের প্রভাষক সোবহানী প্রমূখ।
অন্যান্য বিষয় নিয়ে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা নুরুল আলম কোম্পানী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব খান, সাবেক ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, মরকাজুল ইসলামীর পরিচালক অধ্যক্ষ মৌলানা জালাল ফারুখীসহ হাসপাতালের প্রতিনিধি, রেঞ্জ কর্মকর্তা ও আনসার ভিডিপি কর্মকর্তাসহ অনেকে।
সভায় কামাল উদ্দিন বলেন,বর্তমানে নাইক্ষ্যংছড়িতে শিক্ষার মান শূণ্যের কোটায়, কলেজে ব্যাপক অনিয়ম দূর্নীতি হচ্ছে। সাংবাদিকরা এ সব কিছুই লিখেন না।
মাঈনুদ্দিন খালেদ বলেন, মাদক,পরিবেশ, কিশোর গ্যাং,কলেজের বিষয়ে প্রশাসনকে আরো সোচ্চার হতে হবে। প্রয়োজনে জরুরী ব্যবস্থা নিতে হবে। সীমান্তে বিজিবির তৎপরতা বৃদ্ধির অনুরোধের পাশাপাশি পুলিশের তৎপরতা বাড়াতে হবে। অপর দিকে আইন-শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে অনেকে।