খেলাধুলার মধ্য দিয়ে গড়ে উঠুক সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত আগামী প্রজন্ম-এমন প্রত্যাশা ও উদ্দীপনাকে সামনে রেখে উখিয়ায় উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি
স্পোর্টস (সিজন-২)’ টুর্নামেন্ট।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের এ ক্রীড়া আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
'ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা' স্লোগানকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ কর্মসূচির অংশ হিসেবে উখিয়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
উপজেলা অডিটরিয়াম ভবনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতার।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, উপজেলা একাডেমি সুপারভাইজার বদরুল আলম, উখিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাদমান জামী চৌধুরী, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা শাহনেওয়াজ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক, উপজেলা ছাত্রদলের সভাপতি রিদোয়ান রহমান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের এ আয়োজন কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; বরং শিশু-কিশোর ও শিক্ষার্থীদের স্বপ্ন দেখা, নিজেদের যোগ্যতা প্রমাণ করা এবং সম্ভাবনাকে বিকশিত করার একটি সুন্দর মঞ্চ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চা শিক্ষার্থীদের মনকে প্রফুল্ল রাখে, আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনের প্রতিকূলতা মোকাবিলায় সাহসী করে তোলে। বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে মাদক, কিশোর অপরাধ, সামাজিক অবক্ষয় ও নানা নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
শিক্ষক-শিক্ষার্থীরা জানান, উখিয়ার মতো সম্ভাবনাময় জনপদে শিক্ষার্থীদের নিয়ে এমন ক্রীড়া আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে।