পর্দার রসায়ন থেকে বাস্তবের প্রেম! ‘সাইয়ারা’ জুটিকে ঘিরে গুঞ্জন যেন থামছেই না শোবিজে। কখনো একসঙ্গে কাটানো মুহূর্ত, কখনো একে অপরের প্রতি বিশেষ টান- সব মিলিয়ে ভক্তদের মনে একটাই প্রশ্ন, তাদের সম্পর্ক কি শুধুই বন্ধুত্বের নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে প্রেম? সম্প্রতি অনীত পাড্ডার জন্মদিনে আহান পান্ডের আবেগঘন বার্তা এ জল্পনাকে যেন আরও উসকে দিয়েছে।
‘তুমি এই ব্রহ্মাণ্ডের এক উপহার অনীত’- সহ-অভিনেত্রীর জন্মদিনে আহানের এমন বার্তা ঘিরেই এখন বলিপাড়ায় নতুন আলোচনা। সামাজিক মাধ্যমে অনীতের একগুচ্ছ অদেখা ছবি-ভিডিও শেয়ার করে তার প্রতি ভালোবাসা ও মুগ্ধতার কথা জানিয়েছেন আহান। আর তাতেই আবারও সামনে এসেছে এই তারকা জুটির সম্পর্কের সমীকরণ।
২০২৫ সালে মুক্তি পাওয়া ‘সাইয়ারা’ সিনেমায় জুটি বেঁধেছিলেন আহান ও অনীত। পর্দায় তাদের রসায়ন দর্শকের মন জয় করার পাশাপাশি রাতারাতি পরিচিতি এনে দেয় দুই নবাগতকে। কিন্তু সিনেমার গল্প শেষ হলেও তাদের ঘিরে প্রেমের গুঞ্জন যেন শেষ হওয়ার নয়।
এদিকে আহানের এমন বার্তার পর নেটিজেনদের কেউ বলছেন, প্রকাশ্যে ভালোবাসার কথা জানিয়ে দিলেন অভিনেতা। আবার কেউ জানতে চাইছেন, তবে কি এবার সম্পর্কের কথা স্বীকার করে নিলেন এই জুটি? ভক্তদের এমন জল্পনার মধ্যেও নিজেদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি আহান ও অনীতG
এর আগে এক সাক্ষাৎকারে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়ে অনীতকে নিজের সবচেয়ে ভালো বন্ধু বলেছিলেন আহান। তার ভাষ্যমতে, পর্দায় রসায়ন থাকলেই যে তা প্রেম হতে হবে, এমন নয়। আহানের এমন বক্তব্যে সম্পর্কের জল্পনায় কিছুটা বিরতি এলেও অনীতের জন্মদিনে তার আবেগঘন বার্তা নতুন করে বাড়িয়েছে কৌতূহল। এ জুটির প্রেমের গুঞ্জন আরও জোরালো করেছে অনীতের জন্মদিনের পার্টিতে আহানের মা ডিয়ান পান্ডেও উপস্থিতি।
তাই অনীত ও আহানের সম্পর্ক বন্ধুত্বের প্রতি গভীর টান নাকি তার চেয়েও বেশি কিছু- এখন সেই উত্তরই খুঁজছেন ভক্তরা।