জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হতে যাওয়া অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না বলেছেন, তাঁর এ অবস্থানে আসার পুরো কৃতিত্ব কক্সবাজার জেলা বিএনপি, সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। কারণ দীর্ঘ ১৭ বছর তাঁরা অমানবিক নির্যাতন, কষ্ট, মামলা, জেল জুলুম সহ্য করে সংগঠনের সাথে ছিলেন। যখনই সংগঠনের কর্মসূচীতে ডাক দেওয়া হয়েছে, তখনই সকলে অভাবনীয়ভাবে সাড়া দিয়েছেন। যা সাংগঠনিক কাজে আমি সবসময় উৎসাহিত হয়েছি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে কক্সবাজার জেলা বিএনপি অফিসে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বিএনপির মনোনীত বৈধ প্রার্থী অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না দলের সর্বস্থরের নেতাকর্মীদের সংবর্ধনার জবাবে একথা বলেন।
কক্সবাজার জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না তাঁকে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি স্থায়ী কমিটির সকল সদস্য সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। দল থেকে তাঁর উপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালনে তিনি মহান আল্লাহর অসীম রহমত ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। বিএনপি থেকে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পেতে দলের বিভিন্ন স্থরের নেতাকর্মী সহ কক্সবাজারবাসী তাঁকে যেভাবে সমর্থন যুগিয়েছেন তারজন্য তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
পুরো জেলায় তাঁর দায়িত্বের কথা উল্লেখ করে অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না বলেন, জেলাবাসীর সুযোগ সুবিধার জন্য স্বরাষ্ট্র মন্ত্রী, কক্সবাজার জেলার অভিভাবক সালাহউদ্দিন আহমদ এর পরামর্শে সম্ভব সবকিছু করা হবে। তিনি আরো বলেন, সবার কষ্টের ফল আজ পেয়েছি।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কক্সবাজার পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি আবু বকর ছিদ্দিক, জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যক্ষ আকতার চৌধুরী, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মন্নান, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, জেলা বিএনপির কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি নুরুল ইসলাম হেলালী, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান, সাংগঠনিক সম্পাদক আমীর আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুছ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট তাওহীদুল আনোয়ার, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম, কক্সবাজার রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আবদুর রহিম, জেলা ওলামাদলের আহবায়ক আলহাজ্ব আলী হাসান চৌধুরী, জেলা কৃষকদলের সভাপতি গিয়াসউদ্দিন আফসেল, সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ বোখারী সহ শত শত নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ৮ টার দিকে অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না কক্সবাজার বিমানবন্দরে আসলে তাঁকে দলের সর্বস্থরের নেতাকর্মীরা ফুল দিয়ে ব্যাপকভাবে সংবর্ধিত করেন। বিমানবন্দর থেকে বিশাল মিছিল ও মোটর শোভা যাত্রা সহকারে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে আসেন। সেখানেও তাঁকে ব্যাপকভাবে সংবর্ধিত করা হয়।
জাতীয় সংসদ এর সংরক্ষিত মহিলা আসনে দাখিলকৃত কক্সবাজার জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না'র মনোনয়নপত্র বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বৈধ ঘোষণা করা হয়। ঢাকাস্থ আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং অফিসার ও নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না সহ বিএনপি'র মনোনয়নপত্র দাখিলকারী ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। আগামী ২৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহার শেষে ৩৬টি আসনে প্রতিটি আসনের বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় নিয়মানুযায়ী মনোনয়নপত্র বৈধ হওয়া সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে বিজয়ী ঘোষনা করা হবে।
এদিকে, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ২৬ এপ্রিল রোববার সকাল ৯ টায় সমিতি মিলনায়তনে দেশের প্রথম মহিলা পিপি ও সমিতির প্রবীণ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাকে সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনা অনুষ্ঠানে সকল আইনজীবীকে উপস্থিত থাকার জন্য সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মন্নান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতার উদ্দিন হেলালী অনুরোধ জানিয়েছেন।