কক্সবাজার শহরের আলীর জাহাল সিটি কলেজ এলাকায় মো. ইকরাম (৪০) হত্যাচেষ্টা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলার ৩ নম্বর আসামি মো. মুবিনকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১টা ৫ মিনিটের দিকে কক্সবাজার সদর উপজেলার লিংক রোড রেল ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুবিন কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পলাইন্যা কাটা এলাকার রফিকুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, গত ১ সেপ্টেম্বর রাত ৯টা ৩৫ মিনিটের দিকে আলীর জাহাল এলাকায় সিটি কলেজের সামনে মো. ইকরামকে হত্যার উদ্দেশ্যে গুলি করে পালিয়ে যায় আসামিরা। এ ঘটনায় পরদিন ২ সেপ্টেম্বর কক্সবাজার সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। ওই মামলায় মুবিনকে ৩ নম্বর আসামি করা হয়।
মামলার পর থেকেই মুবিন পলাতক ছিলেন। পরে র্যাব-১৫-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মামলার পলাতক আসামি মুবিন লিংক রোড রেল ক্রসিং এলাকায় অবস্থান করছেন। এর ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার মুবিনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।