টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সদর ও রামু এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন কক্সবাজার -৩ ( সদর, রামু, ঈদগাঁও ) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। এই প্রাকৃতিক দুর্যোগে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং অসংখ্য পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
শুক্রবার ( ১০ জুলাই ) দুপুরে সদর ও রামু উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এমপি কাজল। এ সময় তিনি পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন, তাঁদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।
পরিদর্শনকালে তিনি দেখেন, অনেক ঘরবাড়ি, রাস্তাঘাট, গাছপালা, মাছের ঘের পানিতে তলিয়ে রয়েছে এবং অসংখ্য পরিবার চরম দুর্ভোগের মধ্যে মানবেতর জীবনযাপন করছে।
এমপি কাজল বলেছেন, 'কয়েকদিনের বৃষ্টির সময় আমি কক্সবাজারের বাইরে ছিলাম। খবর পেয়ে এলাকায় মানুষের খোঁজখবর নিতে আসলাম। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। এই সময়ে সমাজের বিত্তবান ব্যক্তিদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।'
বাঁকখালী নদীর দুই পাড়ে বেড়িবাঁধের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে জানিয়ে এমপি কাজ বলেছেন, 'যেকোনো কাজের একটা সময়ের প্রয়োজন হয়; দুই পাড়ে বেড়িবাঁধের বিষয়ে আলাপ হয়েছে, আমি বারবার এই বিষয়টি নিয়ে কথা বলেছি, এখানে অবশ্যই টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে।'
পরে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেন এবং দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।