এলাকা বাসীর অভিযোগের ভিত্তিতে প্রশাসনকে সাথে নিয়ে শহরের বৌদ্ধ মন্দিরের নিরাপত্তায়, মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করেছেন -স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
শনিবার (২৬ সেপ্টেম্বর ) বিকেলে তিনি
মন্দির কমিটির নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সাথে বসে দীর্ঘক্ষণ আলাপ করেন এবং তাঁদের নিরাপত্তা ও সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।
এসময় সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী, সেকেন্ড অফিসার নিপু, উপজেলা বিএনপির আহবায়ক রফিকুল হুদা চৌধুরী সদস্য সচিব মোঃ আবুল কাশেমসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় এমপি কাজল বলেছেন, অপরাধীর কোন স্থান এই শহরে হবে না। সে যত বড়োই অপরাধী হোক, তাঁকে আইনের আওতায় আসতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং পরিবার ও সমাজকে একসঙ্গে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, মাদকের করাল গ্রাস থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে হবে। পাড়া-মহল্লায় যুবসমাজকে নিয়ে মাদকবিরোধী কমিটি করতে হবে। এসময় তিনি প্রশাসনকে নজরদারি বাড়ানোর পাশাপাশি উক্ত স্থানে নিয়মিত টহল পুলিশের তদারকির নির্দেশ দেন।
সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, এত অপরাধ হচ্ছে, কিন্তু আমাদের কেউ অভিযোগ করেনি। এখন যেহেতু সরেজমিনে গেলাম, তখন শক্ত হাতে সকল অপরাধ নিয়ন্ত্রণ করা হবে। আজ থেকে ওই এলাকায় কোন কিশোর গ্যাং, মাদক সেবনকারী থাকবে না। রাতে পুলিশ টহলে থাকবে। এ-কাজে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
পরে সংসদ সদস্য প্রশাসনকে সাথে নিয়ে পুরো এলাকা ঘুরে দেখেন এবং সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে সকাল ৯ টায় সদর হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অংশ নেন তিনি।