ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে কক্সবাজার -৩ ( সদর, রামু, ঈদগাঁও ) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলকে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাশ হয়। কমিটির সভাপতি করা হয়েছে নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনকে। এখন থেকে মন্ত্রণালয়ের কার্যক্রম, নীতি ও বিভিন্ন কর্মসূচির ওপর সংসদীয় তদারকিতে নেতৃত্ব দেবেন নতুন এই কমিটি।
কমিটির অনান্য সদস্যরা হলেন, জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, সরকার দলীয় চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান এবং ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন।
এর আগে ০২ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে লুৎফুর রহমান কাজল এমপিকে অন্তর্ভুক্ত করা হয়।
এদিকে পর পর দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে লুৎফর রহমান কাজলকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করায় কক্সবাজারের উন্নয়নে নতুন মাইলফলক হিসেবে দেখছেন স্থানীয়রা।