'আর থাকবে নাকো সহিংসতার ঝুঁকিতে, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আছে তাদের সাথে' -এই শ্লোগানকে সামনে রেখে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নিবাসী শিশুদের মাঝে পোষাক ও প্রসাধনী সামগ্রী বিতরণ, দেয়ালিকা উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
রবিবার (২৪ মে) সকাল ১০টায় কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার -৩ (সদর, রামু, ঈদগাঁও ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল। এসময় তিনি সুবিধাবঞ্চিত ২০০ শিশুর হাতে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদের নতুন পোশাক ও উপহার সামগ্রী তুলে দিয়েছেন।
তিনি বলেছেন, 'সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব এবং এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিকতার চর্চা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।'
তিনি আরও বলেন, 'এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও উন্নত জীবনের জন্য সরকারের পাশাপাশি উপজেলা প্রশাসন, বেসরকারি সংগঠন ও সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। আমরা সবাই যদি শিশুর কল্যাণে এগিয়ে আসি, তাহলে দেশের কোনও শিশু তার সুবিধা ও অধিকার থেকে বঞ্চিত হবে না।'
অতিরিক্ত জেলা প্রশাসক মামনুন আহমেদ অনীকের সভাপতিত্বে অনুষ্ঠানে আর-ও বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ, কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক জেসমিন আকতার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোয়াজ্জেম হোসন।
এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে দুইশত সুবিধাবঞ্চিত শিশুর হাতে তুলে দেওয়া হয় পবিত্র ঈদ-উল-আযহার উপহার। নিবাসী শিশুদের অংশগ্রহণে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।