কক্সবাজার জুড়ে শিশুদের মাঝে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জেলার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পরিদর্শন করেছেন কক্সবাজার -৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
শনিবার (০৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় তিনি নিজে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে রোগীদের খোঁজখবর নেন এবং শিশুদের অবস্থা সম্পর্কে অভিভাবকদের সাথে কথা বলেন।
এ সময় তিনি রোগীদের চিকিৎসাসেবা নিয়ে সন্তুষ্ট কিনা, নির্ধারিত সময়ে চিকিৎসকরা উপস্থিত থাকছেন কিনা এবং হাসপাতাল থেকে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হচ্ছে কিনা—এসব বিষয় খতিয়ে দেখেন।
এমপি কাজল হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফদের উদ্দেশ্যে বলেন, 'রোগী ও তাদের সাথে আসা স্বজনদের সাথে ভালো সদাচরণ করতে হবে এবং আন্তরিকতার সাথে সেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তিনি হাসপাতালের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন'।
পরিদর্শনকালে এমপি কাজল আর-ও বলেন, 'হাম রোগে আক্রান্ত হলেই যে মারা যায়, তা কিন্তু নয় ; উপসর্গ দেখা দিখা দিলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সঠিক পরিচর্যা ও সঠিক চিকিৎসা নেওয়া হলে দ্রুত হাম আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠবেন। এজন্য আতঙ্ক না হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি'। এমপি বলেন, 'হাম আক্রান্ত রোগীর সংক্রমণ যেন দ্রুত না ছড়ায় এজন্য, হাসপাতালের পাশেই আলাদা একটি কক্ষে আইসোলেশনে নিয়ে যাওয়া হবে'।
পরে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মং টিংঞো'কে উদ্দেশ্য করে এমপি বলেন, হামের টিকা উদ্বোধনের জন্য অপেক্ষা না করে এখন থেকে কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করে এমপি।
একইদিন ৫ নং ওয়ার্ড তারবনিয়া ছড়া এলাকায় ড্রেন পরিস্কার অভিযানে অংশ নেন তিনি। এসময় এমপি কাজল বলেন, 'সুন্দর একটি বাসযোগ্য শহর গড়ে তুলতে সকলকেই সাথে নিয়ে কাজ করতে চাই। এজন্য সবাইকে আন্তরিক হতে হবে। আগামী ৬ মাসের মধ্যে কক্সবাজার শহর হবে একটি আধুনিক মডেল শহর'।