গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমুদ্রনগরী কক্সবাজার আগমনকে কেন্দ্র করে ব্যাপক উৎসব-উদ্দীপনা বিরাজ করছে মহেশখালীতে।
প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফরকে স্বাগত জানিয়ে মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের পক্ষ থেকে এক বিশাল স্বাগত মিছিল ও সমাবেশ করেছে মহেশখালী উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার বড় মহেশখালীর জাগিরাঘোনা পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটির নেতৃত্বে ছিলেন মহেশখালীর তরুণ উদীয়মান বিএনপি নেতা ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আ স ম জাহেদুল হক নাহিদ।
স্বাগত মিছিলটি বড় মহেশখালী থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহেশখালী পৌর সদরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র গোরকঘাটা বাজারে প্রবেশ করে। এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের হাজার হাজার নেতাকর্মীর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পৌর শহর। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের হাতে ছিল প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য আলমগীর ফরিদের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন।
এবারের স্বাগত মিছিলে দলীয় স্লোগানের পাশাপাশি মহেশখালীর সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ‘মহেশখালী-কক্সবাজার সংযোগ সেতু’ নির্মাণের দাবিটি জোরালোভাবে উঠে আসে। মিছিলে নেতাকর্মী ও সাধারণ জনতাকে “দাবি মোদের একটাই- মহেশখালী-কক্সবাজার সেতু চাই” স্লোগানে রাজপথ কাঁপাতে দেখা যায়।
পরবর্তীতে মিছিলটি গোরকঘাটা বাজার প্রদক্ষিণ শেষে মহেশখালী উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্যে তরুণ বিএনপি নেতা আ স ম জাহেদুল হক নাহিদ বলেন, “দীর্ঘ ২০ বছর পর আমাদের প্রিয় নেতা, দেশনায়ক জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে সমুদ্রনগরী কক্সবাজারে আসছেন। তাঁর এই আগমনকে ঘিরে সমগ্র মহেশখালী-কুতুবদিয়াবাসী আজ আনন্দিত ও উদ্বেলিত। আমাদের জনপ্রিয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ভাইয়ের নির্দেশনায় আজকের এই গণজোয়ার প্রমাণ করে মহেশখালী হচ্ছে জাতীয়তাবাদের অতন্দ্র দুর্গ।”
তিনি আরও বলেন, “মহেশখালীর লাখো মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন হলো মূল ভূখণ্ডের সাথে সরাসরি যোগাযোগের জন্য একটি স্থায়ী সেতু। আমরা বিশ্বাস করি, গণমানুষের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কক্সবাজারের মাটি থেকে মহেশখালীবাসীর এই ন্যায্য দাবি পূরণের ঐতিহাসিক ঘোষণা দেবেন।”
সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে আগামী ১৩ জুন দলমত নির্বিশেষে চকরিয়ার জনসভাস্থলে দলে দলে যোগ দেওয়ার জন্য মহেশখালীর সর্বস্তরের জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান।