উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সহধর্মিনীকে নিয়ে চীনের উদ্দেশে যাত্রা করেছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের গুয়াংজু বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি।
সফরসূচি অনুযায়ী, বিমানবন্দর থেকে তিনি চীনের চচিয়াং প্রদেশের ওয়েনঝো শহরের নানবাইশিয়াং ডিস্ট্রিক্টে যাবেন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে নিজের হাঁটুর চিকিৎসা নেবেন এবং অবস্থান করবেন। চিকিৎসা প্রক্রিয়া শেষেই তিনি দ্রুত দেশে ফিরবেন।
যাত্রার পূর্বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ভিআইপি টার্মিনালে তিনি কক্সবাজার জেলাবাসীসহ মহেশখালী-কুতুবদিয়ার সর্বস্তরের জনগণ, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।
একই সঙ্গে দেশ ত্যাগের আগে কক্সবাজার জেলা ও মহেশখালী-কুতুবদিয়া উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিজ দলের নেতাকর্মীদের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা নিশ্চিত করার নির্দেশনা দেন এমপি আলমগীর ফরিদ।
বিশেষ করে আসন্ন শারদীয় দুর্গোৎসব যেন শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে সার্বক্ষণিক সাধারণ জনগণের পাশে থেকে নিরাপত্তা নিশ্চিতে কাজ করার আহ্বান জানান তিনি।