কক্সবাজারের টেকনাফ সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ মা ও মেয়েকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) সদস্যরা।
শুক্রবার (১৫ মে) রাতে এ তথ্যটি নিশ্চিত করেছেন উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম।
আটকরা হল: টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের মো: আয়ুবের স্ত্রী রাশেদা বেগম (৪৯) ও তার মেয়ে সুমাইয়া (২০)।
বিজিবি জানায়- শুক্রবার দুপুরে টেকনাফের উলুবনিয়া পশ্চিমপাড়া নামক স্থানে দুইজন নারীকে বেড়িবাঁধের দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে সন্দেহ হয়। বিজিবি টহল দলের নারী সদস্যরা সন্দেহভাজন দুই নারীকে চ্যালেঞ্জ করে। পরে তাদের দেহ তল্লাশী করে বোরকার ভেতরে লুকানো অবস্থায় ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়। আটক নারী চোরাকারবারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা মিয়ানমার সীমান্ত হতে সরবরাহ করত এবং অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্য বহন করছিল বলে স্বীকার করে। বর্তমানে জব্দ করা ইয়াবা ও নারীদের টেকনাফ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”