বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার দিনের ব্যবধানে আবারও বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বিজিবি।
সোমবার (২২ জুন) রাতে জারুলিয়াছড়ি বিওপিস্থ কাজুবাদাম বাগান নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১ লাখ ৭৯০ পিস ইয়াবা জব্দ করা হয়।
বিজিবি জানায়, সোমবার রাত পৌনে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবিরের সার্বিক নির্দেশনায় জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৪৭/৩-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজুবাদাম বাগান এলাকায় অভিযান চলাকালে বিজিবির আভিযানিক দল কয়েকজন চোরাকারবারিকে ইয়াবাসহ মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে।
“এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা বহনকৃত ইয়াবার চালান ফেলে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১০টি কার্টনে রাখা মোট ১,০০,৭৯০ পিস ইয়াবা জব্দ করা হয়।”
এর আগে গত বুধবার (১৮ জুন) একই জারুলিয়াছড়ি পয়েন্ট থেকে ১১ বিজিবির সদস্যরা আরও ১ লাখ ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছিলেন। মাত্র চার দিনের ব্যবধানে একই এলাকা থেকে দ্বিতীয় দফায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হওয়ায় সীমান্তপথে মাদক পাচারের তৎপরতা আবারও সামনে এসেছে।
এ বিষয়ে ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।”