বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের কক্সবাজারের প্রতিষ্ঠানগুলোতে একজন কর্মচারীর দীর্ঘদিনের অবস্থান ও প্রভাব নিয়ে উঠেছে নানা প্রশ্ন। হোটেল শৈবালের প্রধান পরিবেশক মোহাম্মদ মহসিন প্রায় দুই যুগের বেশি সময় ধরে একই এলাকায় কর্মরত। প্রথমে তিনি লন্ড্রি ম্যানের দায়িত্বে থাকলেও অর্থের বিনিময়ে অবৈধভাবে তিনি ভগিয়ে নিয়েছেন প্রধান পরিবেশকের পদ। এ পদে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস লাগলেও তিনি ষষ্ঠ শ্রেণি পাস বলে জানা গেছে। একইভাবে তিনি ওই পদের পাশাপাশি পর্যটনের সাগরিকা রেস্তোরাঁর ম্যানেজারের দায়িত্বও পালন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অথচ বিএ পাস ছাড়া এ দায়িত্ব পালনের নিয়ম নেই। কারণ রেস্তোরাঁ ম্যানেজারের পদে চাকরি করতে কমার্শিয়াল অফিসার হতে হয়।
খোঁজ নিয়ে জানা যায়- মহসিন শুধু মাত্র ৬ষ্ঠ শ্রেণি পাস। যেখানে প্রধান পরিবেশক হতে লাগে এইচএসসি পাস। সেটিও তিনি অবৈধভাবে ভাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এগিকে দীর্ঘ সময় তিনি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের কর্মচারী ইউনিয়নের উপ কমিটির সভাপতি হিসেবে রয়েছেন। আর এই দীর্ঘ সময়ের অবস্থানকে কেন্দ্র করেই তার বিরুদ্ধে উঠেছে লিজ বাণিজ্য, বদলি বাণিজ্য, কর্মচারী হয়রানি এবং প্রতিষ্ঠানের সম্পদে প্রভাব বিস্তারের মতো গুরুতর অভিযোগ।
অভিযোগকারীদের ভাষ্য, ২০০১ সালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে চাকরিতে যোগ দেওয়ার পর ২০০২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রায় ২৫ বছর ধরে কক্সবাজারেই কর্মরত রয়েছেন মহসিন। দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার কারণে স্থানীয় পর্যায়ে যেমন তার প্রভাব তৈরি হয়েছে, তেমনি কর্পোরেশনের হেড অফিসের কিছু কর্মকর্তার সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তুলে এসব অপকর্ম করছেন বলে অভিযোগ রয়েছে। ওই সংগঠনের সাধারণ সম্পাদক আকবর আকবর এসব অপকর্মে মহসিনের অন্যতম সহযোগী বলেও অভিযোগ রয়েছে।
লিজ নিয়ে যত অভিযোগ:হোটেল শৈবালসহ কক্সবাজারে পর্যটন কর্পোরেশনের বিভিন্ন সম্পত্তির লিজকে ঘিরে মহসিনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন একাধিক কর্মকর্তা-কর্মচারী।
অভিযোগ রয়েছে, গাড়ি পার্কিং, পার্কিং সংশ্লিষ্ট বাণিজ্য মেলার মাঠ, মাছ চাষের লেক, ঝাউবাগান, দোকানসহ বিভিন্ন সম্পত্তির লিজ প্রক্রিয়ায় তিনি প্রভাব খাটান। ঝাউবাগানের জমি দখল করে সেখানে কাঁচা-পাকা স্থাপনা নির্মাণ এবং তা ভাড়া দেওয়ার অভিযোগও উঠেছে।
এমনকি ঝাউবাগানের জায়গা দখল করে দেওয়ার বিনিময়ে প্রতি কানিতে ৭০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ করেছেন কেউ কেউ। তবে এ ধরনের আর্থিক লেনদেনের স্বাধীন ও নির্ভরযোগ্য প্রমাণ এই প্রতিবেদকের হাতে আসেনি।
বদলি ও চাকরি হারানোর ভয়!মহসিনের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো বদলি ও চাকরির বিষয়ে প্রভাব বিস্তার।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা-কর্মচারী অভিযোগ করেন, শ্রমিক সংগঠনের নেতৃত্ব এবং দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার কারণে প্রতিষ্ঠানের ভেতরে তার একটি শক্তিশালী প্রভাব তৈরি হয়েছে। তার বিরুদ্ধে অবস্থান নিলে বদলি, চাকরি হারানো কিংবা অন্যভাবে হয়রানির আশঙ্কায় অনেকেই নীরব থাকেন।কয়েকজন কর্মচারীর দাবি, তার প্রভাবের কারণে বিভিন্ন সময়ে চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরিচ্যুত করা হয়েছে। এতে নিম্নআয়ের কয়েকটি পরিবার আর্থিকভাবে বিপর্যস্ত হয়েছে বলেও অভিযোগ তাদের।
বদলেছে সরকার, বদলায়নি নেতৃত্ব!সংশ্লিষ্টদের দেওয়া তথ্যমতে, মহসিন বিগত সরকারের আমলে সেই পন্থী শ্রমিক সংগঠনের কক্সবাজার শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকার পরিবর্তনের পর বর্তমানে একই শ্রমিক সংগঠনের সভাপতির দায়িত্বে রয়েছেন বলেও অভিযোগকারীরা জানিয়েছেন। তাদের প্রশ্ন—সরকার পরিবর্তনের সঙ্গে রাজনৈতিক অবস্থান বদলালেও কীভাবে একই কর্মচারী শ্রমিক সংগঠনের নেতৃত্বে নিজের প্রভাব ধরে রাখছেন।অভিযোগকারীদের দাবি, শ্রমিক সংগঠনের প্রভাবকে কাজে লাগিয়ে তিনি হোটেল শৈবালসহ কক্সবাজারের পর্যটন কর্পোরেশনের অন্যান্য প্রতিষ্ঠানেও প্রভাব বিস্তার করে আসছেন।
কর্মকর্তারাও কি নীরব? হোটেল শৈবাল, উপল, প্রবাল ও লাবণীর দায়িত্বশীল কর্মকর্তাদের একটি অংশ মহসিনের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে চান না বলেও অভিযোগ রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তা-কর্মচারী বলেন, দীর্ঘদিন একই জায়গায় থাকার কারণে মহসিন এমন একটি প্রভাববলয় তৈরি করেছেন, যার কারণে তার বিরুদ্ধে অভিযোগ করতেও অনেকে ভয় পান।তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগের বিষয়ে মোহাম্মদ মহসিন বলেন, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তেই দীর্ঘদিন কক্সবাজারে কর্মরত আছেন। তার দাবি, কর্তৃপক্ষ চাইছেন বলেই তিনি দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে রয়েছেন। শ্রমিক সংগঠনের নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, আমি চতুর্থ শ্রেণির একজন কর্মচারী। বদলি বাণিজ্য ও লীজ নেওয়া বিষয়ে অভিযোগের সত্যতা নেই।
৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ে কিভাবে এ দায়িত্বে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। এসব উর্ধতন কর্তৃপক্ষ জানে বলে ফোন কেটে দেন তিনি।
হোটেল শৈবালের ব্যবস্থাপক রায়হান উদ্দিন আহমেদ বলেন, মহসিন ভালো মানুষ। তার মতে, ইজারাদাররাই বিভিন্ন সময়ে সমস্যা তৈরি করেন। তবে নিয়মের বাইরে কিছু করার সুযোগ নেই বলেও তিনি জানান। তবে তিনি ৬ষ্ঠ শ্রেণি পাস হয়ে কিভাবে সাগরিকা রেস্তোরাঁর ম্যানেজারের দায়িত্ব পালন করছেন এবং কোন পন্থায় প্রধান পরিবেশকের পদ ভাগিয়ে নিয়েছেন তার কোনো সদুত্তর দিতে পারেননি।
অভিযোগকারীদের মতে, একজন কর্মচারী দীর্ঘ সময় একই কর্মস্থলে থাকার কারণে যদি প্রশাসনিক ও সাংগঠনিকভাবে অতিরিক্ত প্রভাবশালী হয়ে ওঠেন, তাহলে প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহি ও শৃঙ্খলা প্রশ্নের মুখে পড়তে পারে। তাই মোহাম্মদ মহসিনের দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার বিষয়টি, তার বিরুদ্ধে ওঠা লিজ ও বদলি বাণিজ্যের অভিযোগ এবং শ্রমিক সংগঠনের প্রভাব ব্যবহারের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন তারা।তাদের দাবি, তদন্তের স্বার্থে মহসিনকে কক্সবাজারের বাইরে অন্যত্র বদলি করা হলে প্রকৃত পরিস্থিতি বেরিয়ে আসতে পারে। একই সঙ্গে পর্যটন কর্পোরেশনের কক্সবাজারের বিভিন্ন সম্পত্তির লিজ প্রক্রিয়া, লিজের অর্থনৈতিক লেনদেন, বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের তালিকা এবং দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোরও দাবি জানিয়েছেন তারা।