টেকনাফের হ্নীলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ হওয়ার পর সালিমা (১৬) নামের এক কিশোরীকে উদ্ধার করেছে ১৬ এপিবিএনের নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের বিশেষ টিম।
শনিবার (৩ অক্টোবর) বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি-ব্লকের পাহাড় সংলগ্ন একটি ঘর থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া কিশোরী সালিমা টেকনাফে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা নুরুল আলমের মেয়ে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সালিমা নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা ক্যাম্পের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। দীর্ঘ সময় ধরে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে বিষয়টি নয়াপাড়া পুলিশ ক্যাম্পকে জানানো হয়। পরে নিখোঁজ কিশোরীকে উদ্ধারে তৎপরতা শুরু করে ১৬ এপিবিএনের নয়াপাড়া ক্যাম্পের বিশেষ টিম।।এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে ক্যাম্পের ডি-ব্লকের পাহাড় সংলগ্ন একটি ঘরে অভিযান চালায় বিশেষ টিম। এ সময় ওই ঘর থেকে নিখোঁজ কিশোরী সালিমাকে উদ্ধার করা হয়।
পরে উদ্ধার হওয়া কিশোরীকে নয়াপাড়া ক্যাম্পে নিয়ে আসা হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে ক্যাম্প কমিটি ও পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন ১৭ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার।
তিনি জানান, কিশোরী নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশ ক্যাম্পকে অবহিত করা হয়। পরে ১৬ এপিবিএনের নয়াপাড়া ক্যাম্পের বিশেষ টিম বিভিন্ন স্থানে অভিযান ও অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ডি-ব্লকের পাহাড় সংলগ্ন একটি ঘর থেকে তাকে উদ্ধার করা হয়।
তবে কিশোরী কীভাবে সেখানে পৌঁছেছিল এবং কী কারণে নিখোঁজ হয়েছিল এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।