দেশের তেইশতম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫টি ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপির এই প্রার্থী। তার প্রতিদ্বদ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
এ নির্বাচনের মধ্যদিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উত্তরসূরি হিসেবে বঙ্গভবনের বাসিন্দা হতে যাচ্ছেন বিএনপির দুর্দিনের কান্ডারি মির্জা ফখরুল।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করাবেন।
যেভাবে ভোট
আওয়ামী লীগের আমলে রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়া মো. সাহাবুদ্দিন গেল ২৪ জুলাই পদত্যাগ করে বঙ্গভবন ছাড়েন। এর প্রায় চার সপ্তাহ পর হলো নতুন রাষ্ট্রপতি নির্বাচন।
সাড়ে তিন দশকের মাথায় রাষ্ট্রপতি নির্বাচনে বৃহস্পতিবার ভোট দেন সংসদ সদস্যরা। সংসদ কক্ষে ভোট চলে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
রাষ্ট্রপতি নির্বাচনে একানব্বইয়ের পর এবারই প্রথম একাধিক প্রার্থী ছিলেন। ফলে ভোট আয়োজন করতে হয় আইনের বাধ্যবাধকতা মেনে।
এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করা বিএনপি।
প্রার্থিতা বৈধ হওয়ার পরেই এটা নিশ্চিত হয়ে যায় যে, তেইশতম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিবই বঙ্গভবনে যাচ্ছেন। কারণ দলীয় প্রার্থীর বাইরে গিয়ে সংসদ সদস্যদের ভোট দেওয়ার সুযোগ নেই।
এদিন দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দুপুর ২টায় ভোটের আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতে নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন ভোটের নির্দেশিকা তুলে ধরেন। এর পরপরই ভোটদান শুরু হয়।
প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
তাদের পর বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভোট দেন সংসদ নেতা তারেক রহমান। তার পরে ভোট দেন মির্জা ফখরুল।
বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ভোট দেন ২টা ১৯ মিনিটে। ব্যালট পেপার জমা দিতে রাখা হয় তিনটা বাক্স।
ভোটগ্রহণ শেষে বিকাল সাড়ে ৫টার দিকে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর থেকেই একের পর এক অভিনন্দন বার্তা পেতে থাকেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সবার আগে শুভেচ্ছা আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে। প্রধান নির্বাচন কমিশনার ফল ঘোষণার পর সংসদে নতুন রাষ্ট্রপতির হাতে একটি লাল গোলাপ তুলে দেন সরকারপ্রধান।
নির্বাচনের ফল ঘোষণার কয়েক মিনিটের মধ্যে ঢাকায় চীনা দূতাবাসের ফেইসবুক পেইজ থেকে অভিনন্দন জানানো হয়।
সেখানে বলা হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে চীন অনেক গুরুত্ব দেয়। নতুন যুগে যৌথ প্রচেষ্টায় ‘অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ কমিউনিটি’ গড়ার ক্ষেত্রে নিবিড়ভাবে কাজ করতে প্রস্তুত চীন, যাতে দুই দেশ ও জনগণের বড় রকমের উপকার হয়।
মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন গণফোরামের এমিরেটাস সভাপতি কামাল হোসেন।
সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্বপূর্ণ ও দীর্ঘস্থায়ী ভূমিকা পালন করেছেন। তিনি দীর্ঘ দেড় দশক ধরে সরকারের দমনপীড়ন, নির্যাতন, মামলা ও কারাবাসের মধ্যেও রাজপথের আন্দোলনে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন।”
মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদও। বৃহস্পতিবার রাষ্ট্রপতি কার্যালয়ের এক বার্তায় এ অভিনন্দন জানানোর তথ্য দেওয়া হয়।
অভিনন্দন এসেছে পরাজিত প্রার্থী অলি আহমদের কাছ থেকেও। নতুন রাষ্ট্রপতির কাছে একগুচ্ছ প্রত্যাশার কথাও তুলে ধরেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এই প্রার্থী।
এ নির্বাচনের শুরুর ও সমাপনীর আনুষ্ঠানিকতা সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন।
সংসদের ৩০০ আসনের মধ্যে একটি আসনে প্রার্থিতা বাতিল হয়েছে। আর সংরক্ষিত আসনে এমপি আছেন ৫০ জন।
সব মিলিয়ে ত্রয়োদশ সংসদে ৩৪৯ জন এমপি রয়েছেন, যারা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য ছিলেন। তবে ভোট পড়েছে ৩৪৩টি।