কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ লরাবাক গ্রামে ছুরিকাঘাতে হামিদ (১৯) নামে এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার ( ২ জুন ) সকাল ১০ টায় ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার সেলিম উল্লাহর বাড়ির পার্শ্ববর্তী স্থানে এ ঘটনা ঘটে। নিহত হামিদ স্থানীয় আবুল কালামের ছেলে।
জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি বলেন, নিহত হামিদ পেশায় মোবাইল মেকানিক। কয়েকদিন আগে একই এলাকার ছিদ্দিক আহাম্মদের ছেলে সাইমুনের নষ্ট মোবাইল ঠিক করে দেয় হামিদ। এ সংক্রান্ত পাওনা টাকা চাইলে দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সাইমুনের মা ফাতেমা ও বোন রোমানা এসে হামিদের উপর চড়াও হয়। এক পর্যায়ে হামিদকে পেটে ছুরিকাঘাত করে সাইমুন । এরপর এলাকাবাসী হামিদকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
চেয়ারম্যান আরো বলেন, ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে অভিযুক্ত সায়মুনকে আটক করে এবং পরবর্তীতে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) এটিএম সিফাতুল মাজদার বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযুক্ত ব্যক্তিসহ মা ফাতেমা এবং বোন রোমেনাকেও থানা হেফাজতে নেয়া হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি ।